Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৬

অভিষেক মামলায় সিআইডির সিট গঠন

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক মামলায় সিআইডির সিট গঠন

তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে আরও তৎপর হল সিআইডি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার মধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, পাঁচ সদস্যের এই সিটের নেতৃত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। এছাড়াও দলে রয়েছেন একজন ডিএসপি এবং দুইজন ইনস্পেক্টর-সহ অন্যান্য তদন্তকারী আধিকারিক।

সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে সিট গঠনের সিদ্ধান্ত থেকে স্পষ্ট, মামলার দ্রুত নিষ্পত্তিতে মরিয়া সিআইডি।

ঘটনার সূত্রপাত সরকার গঠনের পর বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে। গত ৬ মে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের বিধায়কদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। উপস্থিত বিধায়করা হাত তুলে তাঁকে সমর্থনও জানান। তবে বিধানসভায় জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তাবপত্র তখন জমা দেওয়া হয়নি।

এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় নবনির্বাচিত তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথের পর নিয়ম মেনে বিধায়করা স্বাক্ষর করেন। এদিকে বিরোধী দলনেতার নাম চেয়ে বিধানসভার সচিব তৃণমূলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবপত্র জমা দেওয়ার অনুরোধ জানান। সেই উদ্দেশ্যে ১৯ মে ফের কালীঘাটে বিধায়কদের বৈঠক ডাকা হয়।

ওই বৈঠকে কিছু বিধায়ক উপস্থিত থাকলেও অনেকেই অনুপস্থিত ছিলেন। উপস্থিতদের স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং অনুপস্থিত বিধায়কদের তালিকাও প্রস্তুত করা হয়। পরে শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে সমর্থন জানিয়ে ৭০ জন বিধায়কের স্বাক্ষর-সহ একটি প্রস্তাবপত্র বিধানসভায় জমা দেওয়া হয়।

সেখানেই শুরু হয় বিতর্ক। বিধানসভায় শপথের সময় দেওয়া স্বাক্ষর এবং বিরোধী দলনেতার সমর্থনে জমা দেওয়া প্রস্তাবপত্রের স্বাক্ষরের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। দুই নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর না মেলায় জালিয়াতির সন্দেহ প্রকাশ করেন বিধানসভার সচিব। এরপর তিনি থানায় এফআইআর দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তভার পায় সিআইডি। ইতিমধ্যে তদন্তকারীরা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম এবং দলের নেতা কুণাল ঘোষকে নোটিস পাঠিয়েছেন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নোটিস দিয়ে সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

অভিষেকের সম্ভাব্য জিজ্ঞাসাবাদের আগেই সিট গঠন করে তদন্ত আরও জোরদার করার পথে হাঁটল সিআইডি। তদন্তকারীদের মতে, সই জালিয়াতির অভিযোগের নেপথ্যে কারা জড়িত এবং কীভাবে এই অসঙ্গতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখতেই বিশেষ তদন্তকারী দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!