Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৬

জনগণনা ঘিরে সীমান্ত ও জনবিন্যাস ইস্যুতে উদ্বেগ, সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
জনগণনা ঘিরে সীমান্ত ও জনবিন্যাস ইস্যুতে উদ্বেগ, সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে আগামী ১ অগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাসের কাজ । শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই জনগণনার প্রক্রিয়া । এ বারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি ।

মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত নাগরিককে জনগণনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান । তিনি বলেন, “জনগণনায় আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করছি । এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের রাজ্যের সেন্সাসের পরিসংখ্যান বিশেষ তাৎপর্যপূর্ণ ।”

এই প্রসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়ও তুলে ধরেন শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বহু অংশ এখনও অরক্ষিত ও ফেন্সিংবিহীন । সেই কারণেই গত কয়েক বছরে রাজ্যের জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সীমান্তের কিছু অংশে ফেন্সিং না থাকা এবং পূর্বতন সরকারের পক্ষ থেকে বিএসএফকে প্রয়োজনীয় জমি না দেওয়ার ফলে রাজ্যের ডেমোগ্রাফিতে বড় পরিবর্তন এসেছে ।”

এ দিকে, অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই জনগণনার কাজ শুরু হলেও পশ্চিমবঙ্গে কিছুটা দেরিতে প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান শুভেন্দু । তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও তিনি স্পষ্ট করেন ।

জনগণনা বিলম্বিত হওয়ার জন্য পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যসচিবের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে রাজনৈতিক সম্মতির অপেক্ষা করা হয়েছিল। শুভেন্দুর কথায়, “এটি ক্যাবিনেটের বিষয় ছিল না, সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যসচিব চাইলে আগেই সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু জনগণনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও রাজনৈতিক সম্মতির অপেক্ষা করা হয়েছে।”

রাজ্যে প্রথমবার ডিজিটাল সেন্সাস চালু হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে দ্রুত ও নির্ভুল তথ্য সংগ্রহের আশাও প্রকাশ করা হয়েছে।

জনগণনায় রাজ্যের নাগরিকদের কোনও জিজ্ঞাস্য থাকলে একটি টোল-ফ্রি নম্বর , একটি ল্যান্ডলাইন নম্বর ও একটি ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। পাঠকের সুবিধার্থে নম্বর ও ওয়েবসাইট এখানে উল্লেখ করা হল।

টোল-ফ্রি নম্বরটি ১৮৫৫, ল্যান্ডলাইন নম্বরটি ০৩৩-২৩৩৫-৯৫০৩, ওয়েবসাইটটি https://westbengal.census.gov.in


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!