Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৫, ২০২৫

প্রয়াত অভিনেতা-রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত অভিনেতা-রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়

দীর্ঘদিনের অসুস্থতা। শেষ পর্যন্ত লড়াই থামালেন জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা তথা প্রাক্তন বিজেপি নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়। গত ১৫ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। অবস্থার অবনতি হওয়ায় ১৭ আগস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে শেষরক্ষা হল না। এই মুহূর্তে হাসপাতালেই রাখা হয়েছে অভিনেতার দেহ। নিয়ম মেনে সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া।

১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক। বড়ো পর্দায় আত্মপ্রকাশ ১৯৮২ সালে, বিদেশ সরকার পরিচালিত ‘অপরূপা’ ছবিতে, দেবশ্রী রায়ের বিপরীতে। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। এরপর একে একে ‘চপার’ (১৯৮৭), ‘হীরক জয়ন্তী’ (১৯৯০), ‘মিলন তিথি’, ‘নাগমতি’, ‘জীবন মরণ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে বাঙালি দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন। বিশেষ করে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি ছিল দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। তাঁদের সম্পর্ক নিয়ে তখন টলিপাড়ায় কম গুঞ্জন হয়নি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনায়ও পা রাখেন জয়। ২০১৪ সালে বিজেপির হয়ে বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। হেরে যান শতাব্দী রায়ের কাছে। ২০১৯ সালে উলুবেড়িয়া কেন্দ্র থেকেও দাঁড়ান বিজেপির টিকিটে, এবারও জয় অধরা। ২০২১ সালে রাজনীতি থেকে নিজেই সরে দাঁড়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে প্রকাশ্যে আনেন অভিমান। লেখেন, ‘ ২ বছর ধরে সময় চেয়ে পাইনি, অসুস্থতার সময়ে কোনো সাহায্যও জোটেনি।’ কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, পদচ্যুতি, এবং রাজ্য নেতৃত্বের অবহেলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন চিঠিতে।

ব্যক্তিজীবনে জয় ছিলেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। পরবর্তীকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শেষ সময়ে তিনিই ছিলেন পাশে। টলিপাড়ার চেনা মুখ, এক সময়ের ব্যস্ত নায়ক। রাজনৈতিক আঙিনাতেও কম পরিচিত ছিলেন না। সোমবার তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া ছড়িয়েছে টলিউড থেকে রাজনীতির মহল সর্বত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!