Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

কাটোয়ায় মুরগির মড়ক । আবহাওয়া পরিবর্তন, না সংক্রমণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ টিম

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় মুরগির মড়ক । আবহাওয়া পরিবর্তন, না সংক্রমণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ টিম

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, আউশগ্রাম ও কাটোয়া থানা এলাকার বিভিন্ন পোলট্রি ফার্মে মুরগির মড়ক লেগেছে। রাস্তার ধারে ধারে থাকা ফার্মগুলির পাশে পড়ে রয়েছে অজস্র মরা মুরগি। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার আচমকা বদলের কারণেই এই মড়ক। আর ফার্ম মালিকদের মনে হচ্ছে, কোনও সংক্রামক রোগ থেকেই এমনটা হচ্ছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফার্ম মালিকদের। মড়কের খবর চাউর হতে অনেকেই আর চিকেনের ধারে কাছে ঘেঁষছেন না। মঙ্গলকোটের কল্যাণপুর, কাটোয়ার গাঙ্গুলিডাঙা, আউশগ্রামের কয়রাপুর এলাকায় মুরগির মৃত্যুর সংখ্যা বেশি। মড়কের কারণ জানতে মরা মুরগির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যবরেটরিতে পাঠানো হয়েছে। জানা গেল, প্রথমে ঝিমুনি রোগ হচ্ছে। তারপর ধীরে ধীরে নেতিয়ে পড়ে মৃত্যু ঘটছে।

কাটোয়া ১নং ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক সুদর্শন দাসের ব্যাখ্যা, ব্রয়লার মুরগির থাকার জায়গার আদর্শ তাপমাত্রা হল, মোটামুটি ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে। তাপমাত্রার দ্রুত বদলের সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণেই এত মুরগির মৃত্যু হয়েছে। মুশকিল হল, অনেক পোল্টি ফার্মের মালিক মুরগির ওজন দ্রুত বাড়ানোর জন্য বেশি বেশি প্রোটিন-সমৃদ্ধ খাবার খাওয়ান। এর ফলে প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মুরগি প্রতিপালনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিশেষজ্ঞ ও বিভাগীয় দফতরের আধিকারিকের সঙ্গে পরামর্শ জরুরি। সেটা অনেক পোলট্রি ফার্মের মালিক করেন না। তার খেসারত দিতে হচ্ছে এখন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!