Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৮, ২০২৬

জেন জি ভোটারদের মন বুঝতে বঙ্গ সফরে নীতীন নবীন, যুব মোর্চার সঙ্গে বিশেষ বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
জেন জি ভোটারদের মন বুঝতে বঙ্গ সফরে নীতীন নবীন, যুব মোর্চার সঙ্গে বিশেষ বৈঠক

বাংলার জেন জি ভোটারদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। তাঁদের রাজনৈতিক মনোভাব, চাহিদা এবং সক্রিয়তার বিষয়টি মাথায় রেখে এবার যুব প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময়ে জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু-দিনের বঙ্গ সফরে এসে সে বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সূত্রের খবর, সোমবার জেন জি-কে নিয়ে বিশেষ আলোচনায় বসবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্য বিজেপি যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি অমিত সামন্তেরও।

দিল্লিতে জেন জি-র আন্দোলন ও প্রতিবাদের প্রভাব কেন্দ্রীয় স্তরেও যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। সে অভিজ্ঞতা থেকেই যুব প্রজন্মের ভোটারদের মনোভাব আরও কাছ থেকে বোঝার উদ্যোগ নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমেই তাঁদের ভাবনা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করা হবে। বঙ্গ সফরে এসে রবিবার দিনভর রাজ্য সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন নীতীন নবীন। বিজেপি সূত্রে খবর, শুধু রাজ্যে ক্ষমতা প্রতিষ্ঠা করাই নয়, সে ক্ষমতা ধরে রাখতে সংগঠনের কিছু ক্ষেত্রে আরও পরিবর্তন ও সংশোধনের প্রয়োজন রয়েছে বলে তিনি মতপ্রকাশ করেছেন। দলের বিধায়কদেরও বিশেষ বার্তা দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে আসন্ন পুরভোটকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল নিয়েও দিকনির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও সদস্যরা নীতীন নবীনের বক্তব্য মন দিয়ে শোনেন। দলের সাংগঠনিক দায়িত্ব, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং পুরভোটের প্রস্তুতি নিয়ে তাঁর নির্দেশ ও বার্তা বুঝে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সোমবারও একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজ্য সংগঠনে সাম্প্রতিক রদবদলের পর যুব মোর্চার নেতৃত্বেও এসেছে পরিবর্তন। ইন্দ্রনীল খাঁ-র পরিবর্তে যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। তাঁকে সঙ্গে নিয়েই ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নীতীন নবীনের।

সে অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য রাজনৈতিকভাবে সচেতন জেন জি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এবং তাঁদের মতামত, প্রত্যাশা ও রাজনৈতিক ভাবনার পরিধি বোঝা। তরুণ প্রজন্মের ভিন্ন বা বিরোধী রাজনৈতিক মতকে দূরে সরিয়ে না রেখে তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে মতবিনিময়ের পথকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।  এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতও তরুণ প্রজন্মের সঙ্গে এমন আলোচনায় অংশ নিয়েছিলেন। তাঁর বক্তব্যের সূত্র ধরেই বিজেপির তরফে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের গুরুত্ব সামনে এসেছে। এবার সেই ধারাতেই বঙ্গের জেন জি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!