- বি। দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২৫
পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন বহুকাল, ২৭ বছর আগে ভারত ছেড়েছিলেন হামলাকারী সাজিদ আকরাম
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় আহত ৪০ জনের মধ্যে তিনজন ভারতীয় ছাত্রও ছিলেন । মঙ্গলবার অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে । তবে রবিবারের হামলায় গুলিবিদ্ধ হওয়া ওই তিন ভারতীয় ছাত্রের নাম প্রকাশ করা হয়নি । অস্ট্রেলিয়া টুডে নিউজ পোর্টাল জানিয়েছে, এই তিন শিক্ষার্থীর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
রবিবার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালীন নাভিদ আকরাম (২৪) ও তার বাবা সাজিদ আকরাম (৫০) সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় । এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ বছর বয়সী একটা শিশুও রয়েছে। প্রায় ৪০ জন আহত হন । নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন বলেছেন, নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে তদন্ত আরও সম্প্রসারিত হচ্ছে, যার মধ্যে রয়েছে অভিযুক্ত আক্রমণকারীদের আন্তর্জাতিক ভ্রমণ এবং চরমপন্থী উপাদান আবিষ্কারের ঘটনা।
এদিকে, অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে হামলাকারী একসময় ভারতের হায়দরাবাদে বসবাস করত । ২৭ বছর আগে হায়দরাবাদ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়। মঙ্গলবার তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে যে, হামলার সময় অস্ট্রেলিয়ান পুলিশের গুলিতে নিহত সাজিদ আকরাম হায়দরাবাদের বাসিন্দা । প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় চলে গেলেও তার কাছে এখনও ভারতীয় পাসপোর্ট রয়েছে । হামলার সময় সন্দেহভাজন সাজিদ আকরাম (৫০) পুলিশের গুলিতে নিহত হয় । তার ছেলে নাভিদ আকরাম (২৪) বেঁচে গেছে এবং পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । অস্ট্রেলিয়ান তদন্তকারীরা এই হামলাকে তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপ দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন ।
তেলেঙ্গানা পুলিশের তরফে বলা হয়েছে, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম হায়দরাবাদের বাসিন্দা । ১৯৯৮ সালের নভেম্বরে প্রাথমিকভাবে ছাত্র ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি দেয় । হায়দরাবাদের এই বাণিজ্যের স্নাতক, গত ২৭ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল । ভারতে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল কম । ২০২২ সালে শেষবার হায়দরাবাদে এসেছিল সাজিদ আকরাম । হায়দরাবাদে থাকলেও ভারতীয় পাসপোর্ট ছাড়েনি । তার দুই সন্তান অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে এবং অস্ট্রেলিয়ার নাগরিক । তদন্তকারীদের মতে, পারিবারিক বিরোধের কারণে কয়েক বছর আগে হায়দরাবাদে বসবাসকারী তার বড় পরিবারের সঙ্গে আকরামের সম্পর্ক ভেঙে যায় । ধারণা করা হচ্ছে, হামলার অনেক আগেই আত্মীয়স্বজনরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন । তেলেঙ্গানা পুলিশের তরফে দাবি করা হয়েছে, আকরামের মৌলবাদি কার্যকলাপের সঙ্গে ভারত যোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি ।
হামলার আগে নভেম্বর মাসে সাজিদ ও নাভিদ ফিলিপিন্সে গিয়েছিলেন । পুলিশ তাদের ভ্রমণের বিষয়টিও তদন্ত করছে । ফিলিপিন্সের ইমিগ্রেশন ব্যুরো বিবিসিকে নিশ্চিত করেছে যে, সাজিদ আকরাম এবং তার ছেলে ১ নভেম্বর দেশে প্রবেশ করে এবং ২৮ নভেম্বর দেশ ছেড়ে চলে যায় । বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন মুখপাত্র ডানা স্যান্ডোভালের মতে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করেছিল, আর নাভিদ আকরাম অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করেছিল । অস্ট্রেলীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিপিন্স ভ্রমণের উদ্দেশ্য এবং পরিদর্শন করা স্থানগুলি তদন্তাধীন রয়েছে ।
❤ Support Us






