Advertisement
  • দে । শ
  • মে ২৬, ২০২৫

ভারত বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন হানা, চাঞ্চল্য হাসনাবাদে

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন হানা, চাঞ্চল্য হাসনাবাদে

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাসনাবাদের সেতুর ওপরে ড্রোনের আলো দেখে চাঞ্চল্য গ্রামে। ঘটনাস্থলে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, বিএসএফ। রাতের আকাশে ড্রোন উড়তে দেখে চাঞল্য হাসনাবাদের কাটাখালি সহ আশপাশের গ্রামে। শুক্রবার রাত ১০টা নাগাদ সীমান্ত লাগোয়া বাংলাদেশের দিক থেকে হাসনাবাদের কাটাখালি এলাকায় আকাশে আলোর রেখা ঘিরে শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎই সীমান্ত পারে বাংলাদেশের দিক থেকে ইছামতী নদী পেরিয়ে একটি আলো ভারত সীমান্তের কাটাখালি এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এটি ড্রোনের আলো ছিল। ড্রোনটি বেশ নিচু দিয়েই চলছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। অনেকেই আলোটিকে মোবাইল বন্দি করার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার আতঙ্কিত বাসিন্দারা বিষয়টি থানায় জানালে পুলিশ ও বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।‌ যেখানে এই আলো দেখা গেছে, সেটা গৌড়েশ্বর নদীর ওপরে সেতুর ওপরে আকাশে। সেতুর ওপর মোবাইলের নেটওয়ার্ক ভালো থাকে বলে সেতুর ওপরে বসে এদিন এলাকার যুবকরা ক্রিকেটের আইপিএল ম্যাচ দেখছিলেন মোবাইলে। সেই সময় হঠাৎই বাংলাদেশের দিক থেকে একটি আলো আকাশে দেখতে পান তাঁরা। যদিও ওব্যাপারে পুলিশ , বিএসএফ কোন মন্তব্য করতে রাজি হয়নি।‌ রামেশ্বরপুর–‌বরুণহাট পঞ্চায়েতের সদস্য কালাম গাজি উদ্বেগ প্রকাশ করে বলেন, গত রাতের এলাকার মানুষ আতঙ্কে আছে। সেতুর ওপর এলাকার কয়েকজন মোবাইলে খেলা দেখছিল। তখনই তাদের নজরে আসে ড্রোনের আলো। কালাম বলেন, ড্রোনটি সেতুর ওপরে ঘুরে শ্মশান ঘাটের ওপর দিয়ে বাংলাদেশে চলে যায়। পুলিশ, বিএসএফ চলে আসে। আরও ২ টি ড্রোন মহিষপুকুর, ট্যাঙরা মারির আকাশে দেখা গেছে বলে পঞ্চায়েত সদস্য দাবি করেন। তিনি বলেন, আমাদের এখানে ২ টি সেতু গৌড়েশ্বর নদীর ওপর এবং হাসনাবাদে ইছামতীর ওপর বনবিবি সেতু। সীমান্তবর্তী এলাকার সঙ্গে যোগাযোগ নির্ভর করছে সেতু ২ টির ওপর। কালাম বলেন, বর্তমান ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা, বাংলাদেশের ভূমিকা এবং বাংলাদেশের তদারকি সরকারের টালমাটাল অবস্থার মধ্যে বাংলাদেশের দিক থেকে ড্রোনের আনাগোনা আমাদের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আনারুল গাজি, হাসান শেখ , নজরুল মন্ডল প্রমুখ বলেন, আমরা নিশ্চিত ওটা ড্রোন উড়ছিল। ড্রোনের আলো যেমন জ্বলে, নেভে সেরকম জ্বলছিল, নিভছিল। তিনি বলেন, রাত ১০ টার দিকে মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছিলাম। তখনই লক্ষ্য করলাম একটা ড্রোন বাংলাদেশের দিক থেকে এসে ঘুরে আবার বাংলাদেশের দিকে ফিরে গেল। তাঁরা বলেন, কাছেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। আমাদের সামনেই বাংলাদেশের দিকে গিয়ে গায়েব হয়ে যায় ওই ড্রোন। খবর পেয়ে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, বিএস এফ অফিসাররা চলে আসেন। ততক্ষনে ড্রোনটি বাংলাদেশ চলে গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!