- দে । শ
- জানুয়ারি ২১, ২০২৩
মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস
এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস। শুক্রবার তাঁকে বার্সিলোনা পুলিশ ডেকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আলভেসকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে কাতালোনিয়ার পুলিশ মুখপাত্র মস ডি এসকাদরা।
৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে বার্সিলোনার এক নাইট ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থা করেন আলভেস। এরপর প্রাথমিকভাবে মহিলাটি কিছু না জানালেও ২ জানুয়ারি বার্সিলোনা পুলিশের কাছে আলভেসের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বার্সিলোনা পুলিশ। ৩৯বছর বয়সি এই ব্রাজিলিয়ান তারকাকে শুক্রবার ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন বিচারকের সামনে গোপন জবানবন্দীও দেন অভিযোগকারী মহিলা।
যদিও সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন আলভেস। তিনি স্পেনের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ওই দিন নাইট ক্লাবে ছিলাম। কিন্তু অভিযোগকারী মহিলাকে কোথাও দেখিনি। আমি ক্লাবে আনন্দ করেছি, মজা করছিলাম। সবাই জানে আমি নাচতে ভালোবাসি। সেখানে আমি নিজের মতো করে সময় কাটিয়েছি। কাউকে বিরক্ত করিনি।’ কাতারে বিশ্বকাপ শেষ হওয়ার পর ছুটি কাটাতে বার্সিলোনায় গিয়েছিলেন আলভেস। সেখানেই তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন।
এই মুহূর্তে মেক্সিকোর পুমস ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন দানি আলভেস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্রাজিলিয়ান তারকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তাঁর ক্লাব। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মেসির সঙ্গে বার্সিলোনায় খেলেছেন দানি আলভেস। এরপর তিনি জুভেন্টাসে যোগ দেন। সেখান থেকে ২০১৭ সালের জুলাই মাসে পিএসজিতে যোগ দেন পিএসজি–তে দু’বছর কাটানোর পর তিনি মেক্সিকোর ক্লাবে সই করেন।
❤ Support Us






