- এই মুহূর্তে দে । শ
- জুন ২৪, ২০২৬
চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চাইলেন অভিষেক, জরুরি শুনানির আবেদন খারিজ হাইকোর্টে
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের পক্ষ থেকে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি স্পষ্ট করে দেন যে, মামলাটি আদালতের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ীই শুনানি তালিকায় আসবে। এই মুহূর্তে বিশেষভাবে দ্রুত শুনানি সম্ভব নয় বলেও তিনি জানান।
উল্লেখ্য, মঙ্গলবারই বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেন। জানা গিয়েছে, চোখের চিকিৎসার প্রয়োজনেই তিনি সাত দিনের জন্য বিদেশ যেতে চান এবং সেই কারণেই আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
সূত্রের খবর, অভিষেকের বিদেশযাত্রার উপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম জড়িত থাকায় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার নির্দেশ রয়েছে। সেই পরিস্থিতিতে বিদেশ সফরে যাওয়ার আগে আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর পরবর্তী সময়ে বিদেশেও গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। সেই পুরনো সমস্যার চিকিৎসার প্রয়োজনেই ফের বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে।
❤ Support Us








