Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৫

‘সুতন্দ্রার নির্দেশেই প্রবল বেগে সাদা গাড়িকে ধাওয়া !’ পানাগড়কাণ্ডে বললেন গাড়ির চালক

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সুতন্দ্রার নির্দেশেই প্রবল বেগে সাদা গাড়িকে ধাওয়া !’ পানাগড়কাণ্ডে বললেন গাড়ির চালক

পানাগড়কাণ্ডে পুলিশের দাবিই কার্যত মেনে নিলেন নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির ড্রাইভার। তিনি বলেছেন, সুতন্দ্রাই তাঁকে বাবলু যাদবের গাড়ির পিছনে ধাওয়া করতে বলেছিলেন। পিছু ধাওয়া করতে করতে তাঁদের গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারে বেশি উঠে গিয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ইফটিজিংয়ের কোনো ঘটনা তাঁর চোখে পড়ে নি-বলে দাবি করেন তিনি।

রবিবার রাতে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। নিহতের পরিবারের অভিযোগ একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তাঁকে বুদবুদের কাছে পেট্রোলপাম্পে উত্যক্ত করছিল। প্রতিবাদ করায়, সুতন্দ্রার গাড়ি বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করে তাঁরা। যে সাদা রঙের গাড়ির সঙ্গে সুতন্দ্রাদের গাড়ির ধাক্কা মারে, তার মালিক বাবলু যাদবের খোঁজ করছিলেন তদন্তকারীরা। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অবশ্য ‘ইভটিজিংয়ের অভিযোগ’ খারিজ করে দিয়েছিল। কারণ নৃত্যশিল্পীর সঙ্গের সওয়ারিরাও তাদের বয়ান বদল করে । এরপরই জাতীয় সড়কের উপর রেষারেষির জেরে গাড়ি দুর্ঘটনা হয় বলে জানায় পুলিশ। সিসি ফুটেজেও সুতন্দ্রার গাড়িটিকে যুবকদের গাড়ির পিছনে পিছনে যেতে দেখা গিয়েছে। সেই সময় সুতন্দ্রার গাড়ির গতিও বেশি ছিল।

পানাগড়কাণ্ডে এ বার মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালকের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তিনি প্রশ্ন করেন, ‘মেয়ের গাড়ি চালক এত জোরে চালাচ্ছিলেন কেন ? কেন গাড়িতে থাকা লোকেরা তাঁকে আস্তে চালাতে বললেন না ?’ তিনি বলেছেন, ‘কাউকেই বিশ্বাস করতে পারছি না, পুলিশ আবার ঘটনার পুর্ণাঙ্গ তদন্দ করুক। দোষী কেউ যেন ছাড় না পায়।’ কোথাও কিছু একটা লুকোনো হচ্ছে বলেও সন্দেহ করছেন সন্তানহারা মা। এবার সুতন্দ্রার গাড়ির চালকের স্বীকারোক্তি সামনে আসতেই ঘটনার মোড় অন্য দিকে যেতে শুরু করেছে।

অন্যদিকে, ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদবকে শুক্রবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। কেন পালিয়ে গিয়েছিলেন তিনি ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবলু বলেন, ‘ভয় পেয়েই পালিয়ে গিয়েছিলাম।’ বৃহস্পতিবার দীর্ঘ সময়ের পর বাবলু গ্রেফতার হওয়ার পর মৃতার মা বলেন, ‘সাদা গাড়িতে তো আরো অনেকে ছিলেন। তাঁদের কেন এখনো গ্রেফতার করা গেল না ? মেয়ের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ করা হোক। জানার চেষ্টা হোক, সেই রাতে ঠিক কী ঘটেছিল। স্বচ্ছ তদন্ত হোক। মেয়ের মৃত্যুর বিচার চাই। অপরাধী বা অপরাধীদের শাস্তি হোক।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!