Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৬

সন্দেশখালির ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের বড় পদক্ষেপ, শাহজাহান-ঘনিষ্ঠ গ্রেফতার ১০

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালির ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের বড় পদক্ষেপ, শাহজাহান-ঘনিষ্ঠ গ্রেফতার ১০

ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ করল সিবিআই। ২০১৯ সালের লোকসভা ভোটের পর সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহান-ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সংগ্রহ করা তথ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাট এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, পতাকা খোলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে প্রথমে গুলি করা হয়, পরে কুপিয়ে খুন করা হয়।

ঘটনার তদন্তে প্রথমে নামে রাজ্য সিআইডি। তবে পরবর্তীকালে সিআইডির চার্জশিট থেকে শেখ শাহজাহান-সহ ২৮ জনের নাম বাদ পড়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর নিহত তিন বিজেপি কর্মীর পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় এবং সিবিআই তদন্তের দাবি জানায়।

পরবর্তীতে কলকাতা হাই কোর্ট মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তদন্তের পর অবশেষে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হল।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!