- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৫
আয়করদাতাদের রেশন বন্ধ! দেশজুড়ে ১.১৭ কোটি রেশন কার্ড বাতিল করার পথে কেন্দ্র
বিনামূল্যে রেশনের সুবিধা আর পাবেন না অর্থনৈতিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা। দেশজুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে ‘অযোগ্য’দের তালিকা তৈরি করে বড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম বাতিলের পথে। অর্থনৈতিকভাবে স্বচ্ছলদের তালিকা করে এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। রাজ্যগুলিকে ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন দেওয়া হয়েছে।
কেন্দ্রের খাদ্য ও গণবন্টন বিভাগ জানিয়েছে, যারা আয়কর দেন, চার চাকার গাড়ি রয়েছে, বিলাসবহুল বাড়ির মালিক বা উচ্চ বেতনের চাকরি করেন— এমন নাগরিকরা আর বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য বিশ্লেষণ করে ইতিহাসে এই প্রথমবার তৈরি ‘অযোগ্য’দের তালিকা। তথ্যে উঠে এসেছে,
দেশজুড়ে ৯৪.৭১ লক্ষ ব্যক্তি আয়কর দেন, ১৭.৫১ লক্ষ ব্যক্তির চার চাকার গাড়ি আছে, ৫.৩১ লক্ষ ব্যক্তি উচ্চ বেতনের চাকরি করেন, এরা কেউ আর সরকারি রেশন পাবেন না। জানা যাচ্ছে এ তালিকা তৈরিতে আয়কর বিভাগ, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের তথ্য ব্যবহার করা হয়েছে।
নিয়ম কার্যকর করতে ইতিমধ্যেই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে চিঠি, ডেডলাইন ৩০ সেপ্টেম্বর। গত ৮ জুলাই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। সেখানে তিনি স্পষ্ট জানান, অযোগ্যদের রেশন সুবিধা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ইতিমধ্যেই ডুপ্লিকেট, মৃত ও নিষ্ক্রিয় সুবিধাভোগীদের বাদ দেওয়া হয়েছে। এবার এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে অযোগ্যদের তালিকা রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হবে, যা ‘রাইটফুল টার্গেটিং ড্যাশবোর্ড’-এ দেখা যাবে। কেন্দ্রের কঠোর এ সিদ্ধানের কারণ হিসাবে যুক্তি এসেছে, নয়া ফরমান কার্যকর করে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রকৃত সুবিধাভোগীদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অনেক স্বচ্ছল ব্যক্তি এই স্কিমের আওতায় বিনামূল্যে রেশন পেয়ে আসছিলেন। ফলে যোগানের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়ছিল খাদ্য দফতর। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশব্যাপী আয়কর রিটার্ন জমা পড়েছে প্রায় সাড়ে ১০ কোটিরও বেশি। তবে, রিটার্ন জমা মানেই সবাই কর দিয়েছেন, এমনটাও নয়। বহু মানুষ ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল করেছেন, অর্থাৎ তাঁদের করযোগ্য আয় নেই। সে কারণে, প্রকৃত করদাতাদের তথ্য জানতে চেয়েছে খাদ্যমন্ত্রক। সম্প্রতি একটি তথ্যে উঠে এসেছে, শুধুমাত্র দিল্লি শহরেই প্রায় ৬ লক্ষ ৭২ হাজার রেশন কার্ডধারী ব্যক্তি রয়েছেন, যাঁরা একাধারে জমির মালিক, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, কেউ কেউ আবার নিজস্ব ব্যবসা বা উচ্চ পদে চাকরির সঙ্গে যুক্ত। তবুও তাঁরা সরকারের বিনামূল্যে রেশন সুবিধা নিচ্ছেন। এরকম ধরনের পরিস্থিতি দেশের সর্বত্র। তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে—যাঁরা আয়কর দেন, তাঁরা আর রেশন সুবিধা পাবেন না। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যগুলি ইতিমধ্যেই ওই তালিকা অনুসারে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নির্দেশিকায় ‘অযোগ্য’দের স্বচ্ছায় নিজেদের রেশন কার্ড সারেন্ডার করবার নির্দেশ দেওয়া হয়েছে, নচেৎ তাঁদের জরিমানার মুখে পড়তে হতে পারে। ফলে, পশ্চিমবঙ্গেও বাদ পড়তে চলেছেন বহু সুবিধাভোগী।
❤ Support Us







