- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৬, ২০২৫
রাচিন,উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ফাইনালে, ভারতের সামনে এবার নিউজিল্যান্ড
কখনও সেমিফাইনাল, কখনও আবার ফাইনাল। বড় আসরে বারবার ব্যর্থ। আর এই ব্যর্থতাতেই ‘চোকার্স’ তকমা সেঁটে গেছে দক্ষিণ আফ্রিকার গায়ে। গতবছর টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছিল প্রোটিয়ারা। ২০২৩ একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল।এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকেও বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৫০ রানে হারিয়ে ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড।
টস জয় থেকে শুরু করে ব্যাটিং ও বোলিং, সব বিভাগেই এদিন দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য দেখিয়েছে নিউজিল্যান্ড। অষ্টম ওভারে ওপেনার উইল ইয়ংকে (২৩ বলে ২১) হারানোরা পর ম্যাচের ৩৪ ওভার পর্যন্ত প্রোটিয়া বোলারদের কোনও সুযোগই দেননি রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়ে তোলেন দুজনে। রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করে আউট হন। তাঁর এটা আইসিসি–র টুর্নামেন্টে পঞ্চম সেঞ্চুরি, নিউজিল্যান্ডের হয়ে যেটি সর্বোচ্চ।
রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করার পর কেন উইলিয়ামসনও সেঞ্চুরি তুলে নেন। আইসিসি-র প্রতিযোগিতায় এটা উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি। এই দুই ব্যাটারের সেঞ্চুরির সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৯৪ বলে ১০২ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামসন। ড্যারিল মিচেলের ৩৭ বলে ৪৯ এবং গ্লেন ফিলিপসের ২৭ বলে অপরাজিত ৪৯ নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রানে পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ৭২ রানে ৩ উইকেট নেন। কাগিসো রাবাদা ৭০ রানে নেন ২ উইকেট।
জয়ের জন্য ৩৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি দক্ষিণ আফ্রিকার। পঞ্চম ওভারের পঞ্চম বলে রায়ান রিকেলটনকে (১২ বলে ১৭) তুলে নেন ম্যাট হেনরি। এরপর বিপর্যয় কাটিয়ে দলকে ঘুরে দাঁড় করান তেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন। এই জুটিতে ওঠে ১০৫ রান। ২৩তম ওভারে ১২৫ রানের মাথায় আউট হন অধিনায়ক বাভুমা (৭১ বলে ৫৬)। এরপরই ফিরে যান রাসি ভ্যান ডার ডুসেন (৬৬ বলে ৬৯)। দুজনেই স্যান্টনারের শিকার।
ডুসেন আউট হওয়ার পরই ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। হেনরিখ ক্লাসেনকে (৭ বলে ৩) তুলে নেন স্যান্টনার। এরপর এইডেন মার্করাম (২৯ বলে ৩১) আউট হন রাচিন রবীন্দ্রর বলে। উইয়ান মুলডার (১৩ বলে ৮) মাইকেল ব্রেসওয়েলের শিকার হন। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও নিজের রেকর্ডটা উন্নত করে নেন ডেভিড মিলার। ৪৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। পরের ৫০ আসে মাত্র ২১ বলে। শেষ পর্যন্ত ৬৭ বলে ১০০ রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকা তোলে ৩১২। মিচেল স্যান্টনার ৪৩ রানে ৩ উইকেট নেন। ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস নেন দুটি করে উইকেট।
❤ Support Us








