- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৬
মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ভারতীয় ছাত্রী । পরিবারকে ২৬০ কোটি টাকার ক্ষতিপূরণ
২০২৩ সালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় নিহত ২৩ বছর বয়সি ভারতীয় স্নাতকোত্তর শিক্ষার্থী জাহ্নবী কান্ডুলার পরিবারকে ২৯ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে সিয়াটল শহর কর্তৃপক্ষ।
জাহ্নবী কান্ডুলাকে ধাক্কা দেন অফিসার কেভিন ডেভ, যিনি একটি মাদক সেবনজনিত জরুরি কলের সাড়া দিতে গিয়ে ২৫ মাইল (৪০ কিমি) গতিসীমার এলাকায় ঘণ্টায় ৭৪ মাইল (১১৯ কিমি) বেগে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির জরুরি বাতি জ্বলছিল এবং মোড়গুলোতে তিনি সাইরেন ব্যবহার করেছিলেন।
বুধবার এক বিবৃতিতে সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, “জাহ্নবী কান্ডুলার মৃত্যু ছিল অত্যন্ত হৃদয়বিদারক, এবং শহর কর্তৃপক্ষ আশা করে এই আর্থিক সমঝোতা কান্ডুলা পরিবারের জন্য কিছুটা হলেও মানসিক শান্তি বয়ে আনবে। জাহ্নবী কান্ডুলার জীবন মূল্যবান ছিল। তাঁর পরিবার, বন্ধু এবং আমাদের সম্প্রদায়ের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”
জাহ্নবীর মৃত্যুর পর ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়, বিশেষ করে আরেক পুলিশ কর্মকর্তার বডি-ক্যামেরার একটি রেকর্ডিং প্রকাশ্যে আসার পর। সেই রেকর্ডিংয়ে এক কর্মকর্তা হাসতে হাসতে মন্তব্য করেন যে জাহ্নবীর জীবনের “সীমিত মূল্য” ছিল এবং শহরের উচিত “শুধু একটি চেক লিখে দেওয়া।”
ভারতের কূটনীতিকরাও এই ঘটনার তদন্তের দাবি জানান। শহরের বেসামরিক তদারকি সংস্থা জানায়, ইউনিয়ন নেতা অফিসার ড্যানিয়েল অডেরারের ওই মন্তব্য পুলিশ বিভাগের সুনাম ক্ষুণ্ণ করেছে এবং জনবিশ্বাস নষ্ট করেছে। পরবর্তীতে অডেরারকে চাকরিচ্যুত করা হয়। তিনি বর্তমানে অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগে শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর দাবি, তিনি আইনজীবীরা কীভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে পারেন, তা ব্যঙ্গ করে মন্তব্য করেছিলেন।
এদিকে, গাড়ি চালানো পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। তাঁকে অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয় এবং ৫,০০০ ডলার জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়। কিং কাউন্টির প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেননি, কারণ তারা প্রমাণ করতে পারেননি যে তিনি ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা বিধি উপেক্ষা করেছিলেন।
মোট ২৯ মিলিয়ন ডলারের এই সমঝোতার প্রায় ২০ মিলিয়ন ডলার শহরের বীমা সংস্থা বহন করবে বলে জানা গেছে।
❤ Support Us







