- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
বিধানসভায় বাজেট অধিবেশন শুরু । ২৬ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি, দলের পরিষদীয় বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। কটাক্ষ বিজেপির
সোমবার বিধানসভায় দুপুর ২টো-য় শুরু হলো রাজ্যের বাজেট অধিবেশন।রীতি অনুযায়ী রাজ্য বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় পৌঁছেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দুপুরে ঘড়ির কাঁটায় পৌনে দুটো নাগাদ পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করলেন রাজ্যপাল। বিজিবিএসের প্রশংসাও করেন সিভি আনন্দ বোস। বলেন, “সাফল্যের সঙ্গে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগে যা প্রস্তাব মিলেছে তা বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে।” এরপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অনান্য প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণ করেছেন শাসক ও বিরোধী উভয়পক্ষের বিধায়করা ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন ৷ এবার ১৭৫ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় ৷ অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার গতানুগতিক ১৭৬ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয় ৷ রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে আজকের মতো অধিবেশন শেষ হয়েছে৷ চলতি অর্থবর্ষের বাজেট পেশ হবে বুধবার ১২ ফেব্রুয়ারি ৷
এই অধিবেশনের আগেই ছাব্বিশের ভোট ও চলতি অধিবেশনে নিজেদের রণনীতি সাজিয়ে নিতে চেয়েছেন তৃণমূল সুপ্রীমো। তাই দলের বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার পরিষদীয় দলের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলা থেকে জনসংযোগ, নানা ইস্যুতে দিয়েছেন কড়া বার্তা। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলে কোনও গ্রুপবাজি মানব না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই এসব গ্রুপবাজি দূরে রেখে সংগঠনে মন দিন। পুরনো কর্মীদের কাছে যান। তাদের সক্রিয় করুন। তৃণমূলের শেষ কথা তিনিই। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের আগে বিধায়কদের ফের একবার সেকথা মনে করিয়ে দিলেন দলনেত্রী । এ বাজেট যে রাজনৈতিক ভাবে অত্যাধিকভাবে গুরুত্বপূর্ণ সেই নিয়েও নেই কোনও মতবিরোধ নেই। তবে সেখানে পরিষদীয় বিষয় নিয়ে তোমন কোনো আলোচনাই হয়নি বলে জানা যাচ্ছে। বিধানসভায় বসে বরং আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিধায়কদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে বলেছেন, দলে কোনও গ্রুপবাজি মানবেন না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই এসব গ্রুপবাজি দূরে রেখে সংগঠনে মন দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, ‘পুরনো কর্মীদের কাছে যান, তাদের সক্রিয় করুন। আর মনে রাখবেন, সংগঠনে আমিই শেষ কথা।’ মুখ্যমন্ত্রী বিধায়কদের আরো বলেন, ‘মহারাষ্ট্রে ও বিহারে অনলাইন ভোটার প্রক্রিয়ায় অনেক জালিয়াতি করেছে বিজেপি। সেই জালিয়াতি রুখে দিতে হবে বাংলায়।’ জানা গিয়েছে, সম্প্রতি জামিন পাওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীসভায় ফেরানো হবে কি না সে নিতে আলোচনা হয়েছে। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে।” মমতা এও বলেন, “রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।”আলোচনা হয়েছে বিতর্কে জড়ানো মদন, হুমায়ুন ও নারায়ণ গোস্বামীর বিষয়েও।
অন্যদিকে, বাজেট অধিবেশনের আগে নিজেদের রণকৌশল সাজিয়ে নিতে মরিয়া বঙ্গ-বিজেপিও। হাতে মাত্র আর একটা বছর। ছাব্বিশের নির্বাচনকে ‘হাতের মুঠোয়’ নিতে হলে তাদেরকে এখন থেকেই কোমড় বেঁধে ময়দানে নামতে হবে, বলেই মত রাজনৈতিক মহলের। কারণেই এদিন তৃণমূলের মতোই পাল্টা বৈঠকে বসার সিদ্ধান্ত জানিয়েছে পদ্ম শিবির। নিজের পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে অধিবেশনের আগে বৈঠকে বসতে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
মমতার মন্তব্যের কটাক্ষ করে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমরা সবাই জানি তৃণমূল মানে মমতা। বিধায়কদের সামনে যখন মমতাকেই বলতে হচ্ছে সংগঠনে তিনিই শেষ কথা, তার মানে সংগঠনের ওপর তাঁর নিয়ন্ত্রণ চলে গিয়েছে। তৃণমূল তো কোনও দল নয়। তৃণমূল হল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর আসেপাশে কিছু কাটমানিখোরের সমাহার। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একথা বলেছেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেওয়ার পরেও তাঁকে দলের সর্বোচ্চ নেত্রী বলে মানছেন না কেউ কেউ? অন্য কারো নির্দেশে সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা ? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল কংগ্রেসে মমতারই আর কোনও দাম নেই। এতবার করে মমতাকে একই কথা বলতে হচ্ছে মানে তিনি তৃণমূলে আর শেষ কথা নন!’আজকের বৈঠক থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের বিষয়েও বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ‘ ২৬ -এর বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতাতে আমরাই জিতব । এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। বাংলায় কাউকে দরকার হবে না।’ তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন’, বিধায়কদের বললেন তৃণমূলনেত্রী, ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ, ‘বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবে কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।’ দু-দশক পরে রাজধানী দখল করে নিয়েছে বিজেপি। ইতিমধ্য়েই বিজেপি নেতা ধর্মেন্দ্রপ্রধানের মুখে শোনা গিয়েছে এরপরের লক্ষ্য, বাংলা দখলের কথা। অতীতেও বাংলার মানুষকে ডবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন অমিত শাহ- নরেন্দ্রমোদী। যদিও বাংলার মানুষ তাঁদের বিপরীতেই ভোত দিয়েছেন বিগত নির্বাচনগুলিতে। আগামি বছরে বিধানসভা নির্বাচনেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখবে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us





