Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১১, ২০২৬

“রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, শুরু জনগণনা, সীমান্ত সুরক্ষার কাজ”, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আরম্ভ ওয়েব ডেস্ক
“রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, শুরু জনগণনা, সীমান্ত সুরক্ষার কাজ”, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, “কোনও চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। সেটা ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে। সমস্ত উপভোক্তা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে উপভোক্তার ব্যাঙ্কে পৌঁছে যাবে। স্বচ্ছতার সঙ্গে হবে। কোনও মৃত ব্যক্তি বা ভারতবাসী নয় তেমন কেউ সুবিধা পাবে না। ২০১৫ সালের পর থেকে রাজ্য সরকারি চাকরির পরীক্ষা হয়নি, তাই শিক্ষিত যুবক-যুবতীদের চাকরিতে যোগদানের বয়েসের উর্দ্ধসীমা ৫ বছর বাড়ান হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের দেওয়া সঙ্কল্প পত্রের তিনটি সহ ৫টি প্রতিশ্রুতি প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কার্যকর হল।”

“প্রতিশ্রুতি মতো আয়ুষ্মান ভারত প্রকল্প সোমবার থেকেই শুরু হয়ে গেল, এ ছাড়া সীমান্ত সুরক্ষায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করার জন্য ৪৫দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শুরু হয়ে যাবে। আজ থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, বিএনএস, জনগণনা শুরু হয়ে যাচ্ছে রাজ্যে, গ্রাহক পরিষেবা প্রকল্প শুরু হয়ে যাচ্ছে আজ থেকে”, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন বিশ্বকর্মা যোজনা আগের সরকার আটকে রেখেছিলেন। নতুন সরকার ৮ লক্ষের বেশি আবেদন মঞ্জুর করল নতুন বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী জানান, “৩২১ জন বিজেপি কর্মী, যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সামাজিক ও অন্যান্য কল্যাণকর দায়দায়িত্ব সরকার নিয়ে নিলেন।”

মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম নবান্নের ১৪ তলার ঘরে হয়। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া  দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিক। তাঁদের দফতর অবশ্য এখনও বন্টন করা হয়নি। ছিলেন বেশ কয়েকটি দফতরের সচিব এবং আধিকারিকেরাও।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিয়ে সব কিছু কার্যকর হল।”

শুভেন্দু অধিকারী বলেন, “শুনলে অবাক হয়ে যাবেন যে বিএনএস রুল হয়ে গেছে সেই বিএনএস এই রাজ্যে চালু হয়নি। আজ থেকে সিআরপিসি, আইপিসি আর থাকছে না। বিএনএস চালু হয়ে গেল।”

পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মহোৎসবে দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত নির্বাচন সারা বিশ্ব দেখলো। তাই আমরা বাংলার জনগণ ও ৯৩% ভোট দাতাকে নতমস্তকে প্রণাম জানালাম। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।” আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!