Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সিপিআইএম-এ ‘বেলাইন’ বিতর্ক, সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

আরম্ভ ওয়েব ডেস্ক
সিপিআইএম-এ ‘বেলাইন’ বিতর্ক, সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই অন্দরমহলের অশান্তিতে জর্জরিত সিপিআইএম। আলিমুদ্দিন স্ট্রিটে দলের কাজকর্ম ও নেতৃত্বের কিছু সিদ্ধান্ত ঘিরে ক্ষোভের সুর শোনা যাচ্ছিল কর্মী-নেতাদের একাংশের মধ্যে। সে আবহেই প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানালেন দলের তরুণ নেতা তথা ‘বিদ্রোহী’ মুখ প্রতীক উর রহমান। সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি রাজ্য সম্পাদককে চিঠিও দিয়েছেন। চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও গুঞ্জন।

রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর উদ্দেশে লেখা চিঠিতে প্রতীক উর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। মানসিক দ্বন্দ্বের মধ্যেই দিন কাটছে বলেও উল্লেখ করেছেন তিনি। এই পরিস্থিতিতে জেলা ও রাজ্য কমিটির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে স্পষ্ট করেছেন প্রতীক।

প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি সরাসরি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষের বহিঃপ্রকাশ? বিশেষ করে সম্প্রতি মহম্মদ সেলিম-এর সঙ্গে কলকাতার একটি পাঁচতারা হোটেলে হুমায়ুন কবীর-এর বৈঠক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা কি এই সিদ্ধান্তের নেপথ্যে? ওই বৈঠকের পর থেকেই জল্পনা শুরু হয়—নিজেদের অস্তিত্ব রক্ষায় কি তবে হুমায়ুন কবীরের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে পারে সিপিএম? সূত্রের খবর, প্রতীক উর রহমান সেই বৈঠককে ভালোভাবে নেননি। ঘনিষ্ঠ মহলেও তিনি অসন্তোষের কথা জানিয়েছেন বলে শোনা যায়। শুধু তিনিই নন, বামফ্রন্টের শরিকদের একাংশও এই বৈঠক ও নেতৃত্বের কিছু মন্তব্যে অখুশি ছিলেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোসকেও। তবুও লাল শিবিরে ক্ষোভের পারদ নামেনি বলেই রাজনৈতিক মহলের অনুমান।

এই প্রেক্ষাপটে প্রতীক উর রহমানের ‘পত্রবোমা’ কার্যত অস্বস্তি বাড়াল সিপিএমের অন্দরে। বিধানসভা নির্বাচনের আগে দল যখন ঘর গুছিয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে, তখনই এক তরুণ নেতার এভাবে সদস্যপদ ত্যাগের সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার, এই পদক্ষেপের প্রভাব দলীয় রাজনীতি ও সম্ভাব্য জোট-সমীকরণে কতটা পড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!