- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩০, ২০২৬
পেলেট গুলি বিতর্কে সিআরপিএফ কে কী বার্তা ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপের ?
দিল্লিতে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ঘিরে যখন দিল্লি পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং তার অধীনস্থ র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)-কে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে, তখন বাহিনীর সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ। তিনি জানান, কর্তব্য পালনের সময় বাহিনীর সদস্যরা সদুদ্দেশে যে কোনও সিদ্ধান্ত নিলে তার সম্পূর্ণ দায়ভার তিনি নিজে নেবেন। একই সঙ্গে তিনি সকলকে নির্ভীক ও দ্বিধাহীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গত সোমবার সিআরপিএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ বলেন, “কর্তব্য পালনের সময় সদুদ্দেশে আপনারা যা যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সব দায়িত্ব আমি নিচ্ছি। নির্ভীক ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যান। দায়িত্ব পালনের সময় কোনও দ্বিধা রাখবেন না।” তিনি আরও বলেন, “যদি কোনও কিছুর দায় বা দায়িত্ব নিতে হয়, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল হিসেবে তা আমি নেব।”
এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ অভিযানে অংশ নেওয়া নিরস্ত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে র্যাফের পেলেট গান বা ছররা বন্দুক ব্যবহারের অভিযোগ ঘিরে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে র্যাফের অভ্যন্তরীণ তদন্তের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, ওই দিন অন্তত এক ডজন র্যাফ সদস্যের হাতে পেলেট গান তুলে দেওয়া হয়েছিল। বিতর্ক বাড়তেই ২৩ জুলাই বাহিনীর সদস্যদের কাছ থেকে সেই অস্ত্র ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দ্য হিন্দু-র প্রতিবেদনে পার্লামেন্ট স্ট্রিট থানায় র্যাফের দায়ের করা একটি জেনারেল ডায়েরির (জিডি) উল্লেখ করে দাবি করা হয়েছে, দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনার (ডিসিপি) পদমর্যাদার আধিকারিকের নির্দেশেই র্যাফ পেলেট গুলি চালায়। ওই জিডি অনুযায়ী, ডিসিপির নির্দেশে ৫৫ রাউন্ড নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, পাঁচটি কাঁদানে গ্যাসের শেল এবং দু’ রাউন্ড পেলেট গুলি ব্যবহার করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, পেলেট গুলিতে অন্তত পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সি শেখ ইরশাদ মনসুরি, ৩২ বছরের নূতন টোপ্পো, ২৫ বছরের প্রশান্ত সিংহ, ১৯ বছরের সাহিল লোচাব এবং একটি ইংরেজি ম্যাগাজিনের এক প্রতিবেদক।
প্রতিবেদন অনুযায়ী, কনট প্লেস এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাফের এক সদস্য ছাত্রবিক্ষোভ নিয়ন্ত্রণে পেলেট গান ব্যবহার করেছিলেন এবং তাঁকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তবে র্যাফের এক আধিকারিক জানিয়েছেন, একাধিক সদস্য ওই অস্ত্র থেকে গুলি চালিয়ে থাকতে পারেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব দাবি করেছে। রাজনৈতিক চাপ ও বিতর্কের আবহে বাহিনীর সদস্যদের পাশে দাঁড়িয়ে তাঁদের সিদ্ধান্তের দায়ভার নিজের কাঁধে নেওয়ার ঘোষণা করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ।
❤ Support Us







