Advertisement
  • দে । শ
  • মে ২৯, ২০২৬

‘মিঁয়া’ মন্তব্য বিতর্ক, অসমের মুখ্যমন্ত্রীকে নোটিস দিল্লির আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘মিঁয়া’ মন্তব্য বিতর্ক, অসমের মুখ্যমন্ত্রীকে নোটিস দিল্লির আদালতের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে করা মামলায় তাঁকে নোটিস পাঠাল দিল্লির অতিরিক্ত সেশন জজ সোনু অগ্নিহোত্রী। সমাজকর্মী হর্ষ মন্দারের দায়ের করা মামলার ভিত্তিতেই এই নোটিস জারি হয়েছে। আগামী ১৫ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

হর্ষ মন্দারের অভিযোগ, চলতি বছরের ২৭ জানুয়ারি অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা ‘মিঁয়া মুসলিম’ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন যে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া চালু হলে ‘৪-৫ লক্ষ মিঁয়া ভোটারের’ নাম অসমের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ‘ওরা সমস্যায় পড়লে তবেই অসম ছাড়বে’ এবং ‘ওরা যাতে ভোট দিতে না পারে, সেটা আমরা নিশ্চিত করছি।’

এই মন্তব্যের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়েরের আবেদন করেছিলেন হর্ষ মন্দার। তবে ২০ এপ্রিল দিল্লির এক ম্যাজিস্ট্রেট আদালত জানায়, ঘটনাটি অসমে ঘটায় দিল্লি আদালতের ভৌগোলিক এক্তিয়ারের বাইরে পড়ে। সেই কারণে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিতে অস্বীকার করে।

এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হন হর্ষ মন্দার। তাঁর আইনজীবী আদালতে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা ‘জ়িরো এফআইআর’ এবং ‘ই-এফআইআর’ সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তুলে ধরেন। আইনজীবীর দাবি, অভিযুক্ত মন্তব্য অসমে করা হলেও জ়িরো এফআইআরের নিয়ম অনুযায়ী দিল্লিতেও অভিযোগ দায়ের করা সম্ভব।

সেই যুক্তির ভিত্তিতেই দিল্লির দায়রা আদালত হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস জারি করেছে এবং মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ জুলাই দিন নির্ধারণ করেছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!