- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১১, ২০২৫
বিশ্ব দূষণ তালিকার প্রথম বিশে ভারতের ১৩ শহর। দেশের শীর্ষে মেঘালয়ের বর্ণিহাট
বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৩ টিই ভারতে অবস্থিত। দিল্লি নয়, দূষণের শীর্ষে রয়েছে মেঘালয়ের বর্ণিহাট। এই তালিকার শীর্ষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের ‘খেতাব’ পেয়েছে আফ্রিকার চাদ। ক্যালিফোর্নিয়ার অন্টারিও ছিল ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূষিত শহর। ওয়াশিংটনের সিয়াটলকে চিহ্নিত করা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে।
সুইস বায়ুর মান নির্ধারক সংস্থা আইকিউএয়ার সম্প্রতি বিশ্বের বায়ুর বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৩টি ভারতের। এই তালিকায় শীর্ষে রয়েছে মেঘালয়ের বর্ণিহাট। এই তালিকার শীর্ষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের ‘খেতাব’ পেয়েছে আফ্রিকার চাদ। আইকিউ এয়ার রিপোর্টে সবচেয়ে দূষিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বিশ্বের মাত্র ১৭% শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণ নির্দেশিকা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দিল্লি এখনো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসেবে রয়ে গেছে। তবে, ২০২৩ সালে বিশ্বের তৃতীয় সর্বাধিক দূষিত দেশ হিসেবে থাকা ভারত ২০২৪ সালে পঞ্চম স্থানে নেমে এসেছে।
ভারতের দূষণের বর্তমান অবস্থা উদ্বেগজনক। ২০২৩ এ দূষণের মাত্রা ছিল ৫৪.৪ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, ২০২৪ এ সামান্য কমে ৫০.৬ মাইক্রোগ্রাম হয়েছে। দেশের ৩৫% শহর হু নির্ধারিত সীমার ১০ গুণ বেশি দূষিত। দিল্লির দূষণ ক্রামগত বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ১০২.৪ মাইক্রোগ্রাম থেকে ২০২৪ সালে ১০৮.৩ মাইক্রোগ্রাম হয়েছে। মেঘালয়ের বর্ণিহাট রইয়েছে শীর্ষে। এছাড়াও পাঞ্জাবের মুল্লানপুর, ফরিদাবাদ, গুরগাঁও, গ্রেটার নয়ডা, মুজফ্ফরনগর তালিকায় রয়েছে। তালিকায় নেই মহানগরী কলকাতার নাম। অসম-মেঘালয়া সীমান্তবর্তী শহর বর্ণিহাটে দূষণের অন্যতম প্রধান কারণ হলো স্থানীয় কল-কারখানা থেকে নির্গত ধোঁয়া। বিশেষ করে ডিস্টিলারি, লোহা ও ইস্পাত কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসের ফলে এখানকার বায়ুর মান খারাপ অবস্থায় রয়েছে। দিল্লিতে দূষণ পুরো বছর ধরে একটি বড় সমস্যা হলেও শীতকালে এটি চরম আকার ধারণ করে। এর প্রধান কারণ- যানবাহনের ধোঁয়া, ফসলের খড় পোড়ানো, বাজি ফাটানো , শিল্প ও নির্মাণ সংক্রান্ত দূষণ আর প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি
বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ ভারতে মানুষের গড় আয়ু প্রায় ৫.২ বছর কমিয়ে দেয়। এক গবেষণায় বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর ভারতে ১৫ লাখ মৃত্যুর কারণ ছিল দীর্ঘমেয়াদী পিএম-২.৫ দূষণ। পিএম-২.৫ হলো ২.৫ মাইক্রনের চেয়েও ছোট দূষিত কণা, যা ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে শ্বাসকষ্ট, হৃদরোগ এবং এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। সমস্যার সমাধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান বিজ্ঞানী ও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৌম্য স্বামীনাথন বলেছেন–‘আমাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে, এখন আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। কিছু সমাধান সহজ, যেমন—বায়োমাসের পরিবর্তে এলপিজি ব্যবহার করা।’ ভারত সরকার ইতিমধ্যেই ‘প্রথম সিলিন্ডার বিনামূল্যে’ প্রকল্পের বিতরণের কাজ শুরু করেছে। তবে দরিদ্র পরিবারগুলোর জন্যঅতিরিক্ত সিলিন্ডারের ওপর আরও বেশি ভর্তুকি প্রদান করা উচিত। এটি তাদের স্বাস্থ্য রক্ষা করবে এবং বাইরের বায়ু দূষণও কমাবে। শহরাঞ্চলে জনপরিবহন সম্প্রসারণ, নির্দিষ্ট যানবাহনের ওপর জরিমানা আরোপ শিল্প ও নির্মাণ সংস্থাগুলোর দূষণ নিয়ন্ত্রণ কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
গ্রিনপিস সাউথ এশিয়ার ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, অবিনাশ চঞ্চল বলেছেন, ‘পরিষ্কার বায়ুর জন্য গৃহীত বর্তমান পদক্ষেপগুলো দূষণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শহরগুলোর পিএম-২.৫ দূষণের অন্যতম প্রধান উৎস হলো সড়ক পরিবহন থেকে নির্গত গ্যাস। কিন্তু সরকার এখনো গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সরকারকে জনপরিবহন ব্যবস্থাকে নাগরিকদের অধিকার হিসেবে বিবেচনা করতে হবে, পণ্য হিসেবে নয়। বিশেষ ‘পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড’ গঠন করতে হবে যা বাস, ট্রেন এবং র্যাপিড ট্রানজিট সিস্টেমের সম্প্রসারণ নিশ্চিত করবে।’ টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জ-এর পরিচালক ভিভেক আগরওয়াল বলেছেন, ‘দিল্লির মতো শহরগুলিতে দূষণের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর হচ্ছে না, নীতি বিচ্ছিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে, তথ্য সংগ্রহ দুর্বল। রাজনৈতিকভাবে স্বল্পমেয়াদী পরিকল্পনার কারণে সমস্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। দূষণ একটি আঞ্চলিক সমস্যা, কিন্তু এটি নিয়ন্ত্রণের দায়ভার পৃথক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলোর উপর ছেড়ে দেওয়া হয়েছে, যাদের নিয়ন্ত্রণ ও প্রয়োগ ক্ষমতা সীমিত। ফসল পোড়ানোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু বছরের পর বছর দূষণ সৃষ্টি করা পুরোনো ট্রাক বা নির্মাণ কাজের মতো অন্যান্য কারণগুলোর দিকে নজর দেওয়া হয় না। আমাদের দরকার একটি সুসংগঠিত, কেন্দ্রীভূত এবং পর্যাপ্ত অর্থায়নকৃত দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা।’
ভারতে বায়ু দূষণ রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নে, জনসচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং স্বচ্ছ নীতিমালার মাধ্যমে দূষণ হ্রাস করা সম্ভব। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বলেছেন, দেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত বর্ণিহাটের বায়ু মানোন্নয়নের দায়িত্ব মেঘালয় ও আসাম উভয় রাজ্যের। বর্ণিহাট মেঘালয়-আসাম সীমান্তে দুটি শিল্পাঞ্চলের মাঝামাঝি অবস্থিত। বিধানসভায় সাংমা জানান, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যৌথভাবে দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে চিঠি লিখবেন। এছাড়াও মেঘালয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে কারখানায় আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে ৭ টি শিল্প ইউনিট বন্ধ করা হয়েছে। ২০২৩ সালে সিপিসিবি বর্ণিহাটকে ভারতের সবচেয়ে দূষিত নগর কেন্দ্র ঘোষণা করেছিল, যেখানে একিউআই ছিল ৩০২, যা চরমসীমার উপরে অবস্থান করছে। ২০২৪ সালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
❤ Support Us







