Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১২, ২০২৬

চৈতন্যজীবনী গ্রন্থ-সহ কৃষ্ণদাস কবিরাজের সংগ্রহশালা হোক কেতুগ্রামে, দাবি বংশধরদের

আরম্ভ ওয়েব ডেস্ক
চৈতন্যজীবনী গ্রন্থ-সহ কৃষ্ণদাস কবিরাজের সংগ্রহশালা হোক কেতুগ্রামে, দাবি বংশধরদের

কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীচৈতন্যদেবের প্রামাণ্য জীবনীগ্রন্থ ‘শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত’ পুঁথির প্রতিলিপি, কৃষ্ণদাসের খড়ম আর তাঁর আরাধ্য মদনমোহনের মূর্তিকে চোখের মণির মত আগলে রেখেছেন ৪ বোন। তাঁরা কৃষ্ণদাস কবিরাজের ১৫তম বংশধর। কতদিন আর এভাবে আগলে রাখব? কেতুগ্রামের ঝামটপুরে কৃষ্ণদাসের জন্মভিটেয় বসে প্রশ্ন তুললেন চন্দ্রিকা দাস মহন্ত নামে এক বংশধর। চন্দ্রিকাদের ৪ বোনের ইচ্ছে, ‘সরকার কৃষ্ণদাসের ভিটেয় একটা সংগ্রহশালা  গড়ুক। কৃষ্ণদাসের ব্যবহৃত জিনিসপত্র-সহ আনুষঙ্গিক জিনিসপত্র সেখানে রাখা হোক।’ ইচ্ছে পূরণের জন্য যেটুকু জমি লাগবে, সেটা তাঁরা দেবেন বলে প্রতিশ্রুতি চন্দ্রিকার। চন্দ্রিকাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানালেন কেতুগ্রামের বিজেপি বিধায়ক অনাদি ঘোষ। চন্দ্রিকার বাবা গিরিধারী দাস মহন্তই এতদিন কৃষ্ণদাসের স্মৃতি-সত্তাটুকু বাঁচিয়ে রেখেছিলেন। বয়সের ভার আর অসুস্থতায় একরকম শয্যাশায়ী হওয়ায় সেই দায়িত্ব এখন বর্তেছে তাঁর ৪ কন্যার উপর।

কাটোয়া মহকুমার প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল, বৃন্দাবনের বৈষ্ণবাচার্যদের অনুরোধে প্রায় ৮০ বছর বয়সে চৈতন্যদেবের প্রামাণ্য জীবনী গ্রন্থ লিখতে শুরু করেন কেতুগ্রামের ঝামটপুরের বাসিন্দা কৃষ্ণদাস কবিরাজ। আনুমানিক ১৫৯০ খ্রীষ্টাব্দের পর। শেষ হয় আনুমানিক ১৬১৫ খ্রীষ্টাব্দে। বাংলার পণ্ডিতদের মতে, বৈষ্ণব সাহিত্যের এই অমূল্য সৃষ্টি শুধু মধ্যযুগীয় বাংলা সাহিত্যেরই নয়, সমগ্র বাংলা সাহিত্যের অনবদ্য শ্রেষ্ঠ জীবনীকাব্য। তিন খণ্ডে ৬২টি অধ্যায়ে বিন্যস্ত মোট ১২,০৫১টি শ্লোক সমৃদ্ধ এই চৈতন্যজীবনী গ্রন্থ-সহ বেশকিছু মূল্যবান নথি বৃন্দাবনবাসী শ্রীজীব গোস্বামীর নির্দেশে তিন পরম বৈষ্ণব শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ ও নরোত্তম দাস নবদ্বীপে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হাম্বীর রাজার এলাকায় একদল দস্যু সেই মহাগ্রন্থ ও মূল্যবান নথির পোঁটলা লুট করে। মন খারাপ নিয়ে শ্যামানন্দ ও নরোত্তম নিজ নিজ এলাকায় ফিরে গেলেও শ্রীনিবাস আচার্য হাল ছাড়েননি । হাম্বীর রাজার দরবারে গিয়ে চৈতন্যকথা ও মনোহরশাহি কীর্তন শুনিয়ে রাজাকে সন্তুষ্ট করে লুট হয়ে যাওয়া মহাগ্রন্থটি উদ্ধার করেন। অবশ্য তাঁর লেখা গ্রন্থ লুটের খবর শুনে শোকে কাতর কৃষ্ণদাস কবিরাজ প্রাণ হারান। কথিত আছে, বৃন্দাবনেই একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণদাস। তবে এই তত্ত্ব অনেকেই মানেন না।

প্রায় ৪০০ বছর ধরে তাঁর জন্মভিটেয় চৈতন্যচরিতামৃতের পুঁথি, খড়ম ও সাধন সঙ্গী মদনগোপালের বিগ্রহ রক্ষিত আছে। দুর্গাপুজোর পর শুক্লা দ্বাদশী তিথিতে কৃষ্ণদাস কবিরাজের তিরোভাব দিবস পালিত হয়। সেই উপলক্ষ্যে তাঁর জন্মভিটেয় বৈষ্ণবদের বিশেষ অনুষ্ঠান হয়। চার দিন ধরে চলা এই অনুষ্ঠানে বৈষ্ণব ভক্তদের ঢল নামে। দেশের নানান প্রান্ত থেকে নামী কীর্তন শিল্পীরা এখানে এসে কীর্তনের বিভিন্ন ধারা নামকীর্তন, পালা কীর্তন, মনোহরশাহি কীর্তন, গড়ানহাটি, লীলাকীর্তন, রেনেটি কীর্তন পরিবেশন করেন। বৈষ্ণব পদকর্তারা মনে করেন, কেতুগ্রামের ঝামটপুরের পাটবাড়ি থেকেই মনোহরশাহি কীর্তনের উদ্ভব। কৃষ্ণদাস চৈতন্যচরিতামৃত ছাড়াও গোবিন্দলীলামৃত (রাধা কৃষ্ণের লীলার বর্ণনা), অদ্বৈতসূত্র কড়চা, স্বজপবর্ণম, বাগময়ীকণা ও দক্ষিণ ভারতীয় কৃষ্ণকথামৃতর টীকা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। কৃষ্ণদাস চৈতন্যচরিতামৃত লিখেছিলেন বৃন্দাবনে বসেই। কয়েকটি বই ঝামটপুরে বসেও লেখেন বলে অনেকের অনুমান। কীর্তন শিল্পী রাধিকা ঘোষ, বৈষ্ণব ভক্ত অসীম মণ্ডলরা বলছিলেন, ‘পয়ার ত্রিপদীতে বৈষ্ণবদের  রসসাধনা, রাধাকৃষ্ণের যুগলতত্ত্ব, চৈতন্যাবতারের তাৎপর্য ও বৈষ্ণবজনোচিত বিনয়ে পুষ্ট চৈতন্যচরিতামৃত গ্রন্থটি সর্বজনমান্য। এই গ্রন্থে জ্ঞান আর প্রেম হাতে হাত রেখে বহমান।’ সেই অমূল্য পাণ্ডুলিপি ঝামটপুরে কৃষ্ণদাসের ভাঙাচোরা বসতভিটেয় অবহেলায় নষ্ট হতে বসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!