- দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
সন্দেশখালিতে মিষ্টি হাব তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু। মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক
মুখ্যমন্ত্রীর কথা মত সন্দেশখালিতে মিষ্টি হাব তৈরির সরেজমিনে ঘুরলেন জেলাশাসক। বৈঠক করলেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। রবিবার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এব্যাপারে খোঁজ খবর নিতে সন্দেশখালির বিভিন্ন বাজার এলাকায় ঘোরেন।
৩০ ডিসেম্বর সন্দেশখালির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিষ্টি হাব তৈরির কথা বলেছিলেন। তিনি এরকম বলেন যে সন্দেশখালি নামটার সঙ্গে সন্দেশের সম্পর্ক জড়িয়ে আছে। এখানে একসময় ভালো সন্দেশ তৈরি হত। সুতরাং এখানে মিষ্টি হাব তৈরি করা যেতে পারে। তাতে সন্দেশখালির মিষ্টির বাজার তৈরি হবার সম্ভাবনা রয়েছে। সেইমত রবিবার সন্দেশখালি গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদকুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাটের মহকুমা শাসক অশিস কুমার সহ রাজ্য সরকারের পশুপালন, ডেয়ারি এবং জেলা শিল্প পরিকাঠামো দফতরের আধিকারিক সহ জেলা প্রশাসনের একাধিক পদাধিকারি। জেলা শাসক সন্দেশখারির ধামাখালি, রামপুর, রাজবাড়ি এলাকা পরিদর্শন করেন। জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ এবং এলাকার মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সন্দেশখালিতে দুধের যোগান কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়। গবাদি পশু পাল নিয়ে পশুপালন দফতরেরে আধিকারিকরা মত প্রকাশ করেন। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, একসময় সন্দেশখালির মিষ্টির যে সুনাম ছিল তাকে পুনরুদ্ধার করতে এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালিতে এসে মিষ্টি হাব তৈরির কথা বলেগেছেন। সেটা বাস্তবয়িত হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। বিধায়ক বলেন, এখন সন্দেশখালির যোগাযোগ ব্যবস্থা আধুনিক হয়েছে। সড়ক পথে কলকাতার সঙ্গে সরাসরি দৈনন্দিন যোগাযোগ উন্নত হয়েছে। ফলে এখানে মিষ্টি হাব তৈরি হলে কর্মসংস্থানের নতুন দিশা দেবে।
❤ Support Us





