- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠক বিদেশমন্ত্রী জয়শঙ্করের।সীমান্ত সমস্যা মেটাতে আলোচনা
১৬ ফেব্রুয়ারি ওমানে ভারত মহাসাগর সম্পর্কিত সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৈঠক করেছেন। প্রতিবেশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে সে বৈঠকে। এছাড়াও বঙ্গোপসাগরীয় অঞ্চলের সপ্তদেশীয় মঞ্চ ‘বিমসটেক’ নিয়েও আলোচনা হয়েছে দুজনের। ওমানের রাজধানী মাসকটে রবিবার থেকে শুরু হয়েছে ভারত মহাসাগরীয় সম্মেলন বা ইন্ডিয়ান ওশান কনফারেন্স। এই সম্মেলনের জন্য ভারত ও বাংলাদেশের দুই বিদেশমন্ত্রী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। এদিন সম্মেলন শুরুর সময়েই মুখোমুখি হন তাঁরা।
নিজের X-হ্যান্ডেলে বৈঠকের ছবি দিয়ে জয়শঙ্কর লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে দেখা হয়েছে। এই সাক্ষাৎটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করবে। পাশাপাশি বিমসটেকের উপরও আলোকপাত করেছেন তিনি। ইউনূস সরকারেরর পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি সাক্ষাৎয়ের কথা জানিয়েছে। বিবৃতিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দুই মন্ত্রীর শেষ মুখোমুখি হবার কথা স্মরণ করিয়েছে। গত বছরের ডিসেম্বরে ঢাকায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এবছর ১০-১১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে খনিজ জ্বালানি সম্পর্কিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা। দু দেশের সীমান্ত সমস্যা মেটাতে আগামী ১৮-২০ ফেব্রুয়ারি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসতে চলেছেন। আশা করা হচ্ছে, পারস্পরিক সহযোগিতায় সীমান্ত সম্পর্কিত নানান জটিলতা নিয়ে আলোচনা হবে, সমস্যার সমাধান হবে। বাংলাদেশের বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশ যে সমস্ত জটিল সমস্যা মুখোমুখি হচ্ছে, তা মেটাতে উভয় পক্ষই একসাথে কাজ করবার প্রয়োজনীয়তা অনুভব করছে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, ‘জলচুক্তি’ নবায়নের জন্য আলোচনা শুরু করতে চান।
বাংলাদেশে গত বছর -জুলাই আগস্টে ‘গণ অভ্যুত্থান’-এ হাসিনা সরকারের পতনের পর, ড.ইউনূসের নেতৃত্বে সে দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তীব্র টানাপোড়েনের মুখে পড়ে। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা মন্দিরে আক্রমণ, ইস্কন সাধকের গ্রেপ্তার নিয়ে বারবার সরব হয়েছে নয়াদিল্লি। রাজনৈতিক অস্থিরতার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। দীর্ঘ চাপানোতোর পেরিয়ে এবার হয়ত ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সপ্তদেশীয় মঞ্চ ‘বিমসটেক’ বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ৭ টি দেশ যথা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান এবং নেপালের সমন্বয়ে গঠিত হয়েছে। এবছর ২-৪ এপ্রিল ব্যংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, বাংলাদেশ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবে।
❤ Support Us








