Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৬

ভরসা পেলেও কাটছে না ভয়, ট্রাইবুনালে আবেদনকারীদের পাশে সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
ভরসা পেলেও কাটছে না ভয়, ট্রাইবুনালে আবেদনকারীদের পাশে সুপ্রিম কোর্ট

ট্রাইবুনালের ছাড়পত্র মিললে এবারই ভোটদানের অধিকার মিলবে। সুপ্রিম কোর্টের এই রায়ে ভরসা মিললেও ভয় কাটছে না কেতুগ্রামের হাটমুরগ্রামের ঝরনা বিবি, মঙ্গলকোটের দেউলিয়া গ্রামের লাইলি বিবিদের। রাত থাকতে থাকতে কাটোয়া মহকুমাশাসকের কার্যালয়ে ট্রাইবুনালে আবেদন করতে এসে আশঙ্কা উগরে দিলেন ওই ২ বধূ। লাইলির স্বামী রাইহান মণ্ডল চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন। ভোটার তালিকায় স্বামীর নাম তুলতে ট্রাইবুনালে আবেদন করতে এসে জানালেন, ‘অতদূর থেকে খরচ করে এসে যদি ভোটটাই না দিতে পারে, সেটাই চিন্তা।’ আর ঝরনা বিবির চিন্তা, ‘এতদিন ধরে ভোট দিচ্ছি। তাও নাম বাদ। সব নথি নিয়ে ট্রাইবুনালে আবেদন করেছি। দেখি ছাড়পত্র মেলে কিনা !’ আর ট্রাইবুনালে আবেদন জানাতে আসা মন্তেশ্বরের কুলুট গ্রামের শেখ আবদুল রহমানের প্রশ্ন, ‘ভোটার তালিকায় নাম না উঠলে সরকারি প্রকল্পের সুবিধে পাবতো ?’ গোটা পূর্ব বর্ধমান জেলায় বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৬৫ হাজার। অযোগ্য ভোটার বিবেচিত হয়েছেন  ২ লক্ষ ১০ হাজার। জেলায় অফলাইনে ট্রাইবুনালে আবেদন করেছেন দেড় লাখের উপর। অনলাইনে আবেদনকারীর সংখ্যা মিলছে না। ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে আবেদনকারীদের ভবিষ্যৎ ঝুলে।

নাম বাদের তালিকায় চোখ বোলাতে গিয়ে দেখা যাচ্ছে জেলার মতুয়া অধ্যুষিত ৪ বিধানসভা কালনা, পূর্বস্থলী উত্তর ও দক্ষিণ এবং মেমারিতে সবথেকে বেশি নাম কাটা গিয়েছে। জেলায় সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মেমারিতে, ২,৮৮৩ জন। জেলায় সবথেকে বেশি মতুয়াদের বাস পূর্বস্থলীর দুটি (উত্তর ও দক্ষিণ) বিধানসভায়। উত্তর থেকে ১,৭৫০ জন ও দক্ষিণ থেকে ১,৩৩২ জনের নাম কাটা গিয়েছে। কালনা বিধানসভা থেকে বাদ পড়েছে  ১,৩৭৬ জন ভোটারের নাম। নাম বাদ পড়ায় মতুয়া সম্প্রদায়ের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মতে, বিজেপি মতুয়াদের জন্য অনেককিছু করব বলেছিল। কিছুই করেনি। তাই ভোট পাবে না জেনে নাম কেটে দিয়েছে।

বাদ পড়েছেন বহু তফসিলি জাতি ও উপজাতি ভোটারও। তৃণমূলের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু বলছিলেন, ‘বিজেপির ইশারায় পূর্ব বর্ধমান জেলায় কয়েকহাজার বৈধ আদিবাসী ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। এর ফল বিজেপিকে পেতে হবে।’ কালনার অকালপৌষ পঞ্চায়েতের সদস্য সপ্তমী মাণ্ডি বলছিলেন, ‘আমরা কয়েক পুরুষ ধরে এখানকার আদি বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি। বিজেপি চক্রান্ত করে আমার নাম কাটিয়ে দিয়েছে।’ নাম বাদ যাওয়ায় সপ্তমীর মত বহু আদিবাসী বিজেপির উপর ক্ষোভে ফুঁসছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!