Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সাসপেন্ড ৭ ইআরও । মুখ্যসচিবকে কীবার্তা নির্বাচন কমিশনের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সাসপেন্ড ৭ ইআরও । মুখ্যসচিবকে কীবার্তা নির্বাচন কমিশনের ?

ক্ষমতার অপব্যবহার ও কর্তব্যে গাফিলতির অভিযোগে ময়নাগুড়ি, সুতি, ক্যানিং পূর্ব, ফরাক্কা, সামশেরগঞ্জ এবং ডেবরা বিধানসভা এলাকার মোট ৭ জন সহকারী রিটার্নিং অফিসার (এইআরও)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক (ডিসিপ্লিনারি) ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন।

যাঁরা সাসপেন্ড হলেন

  • ক্যানিং পূর্বের এইআরও সত্যজিৎ দাস
  • ক্যানিং পূর্বের এইআরও জয়দীপ কুণ্ডু
  • মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলম
  • ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী
  • সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান
  • ফরাক্কার এইআরও নীতীশ দাস
  • ডেবরার এইআরও দেবাশিস দাস

কী অভিযোগ উঠেছে?

নির্বাচন কমিশনের দাবি, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গেছে, ভোটারদের তথ্য অসম্পূর্ণ থাকা সত্ত্বেও তা অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ না করে অযোগ্য বা ত্রুটিপূর্ণ আবেদন অনুমোদন করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

বিশেষ করে ক্যানিং পূর্বের দুই এইআরও সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে সুতি, ময়নাগুড়ি, সামশেরগঞ্জ, ফরাক্কা ও ডেবরার সংশ্লিষ্ট এইআরওদের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বলা হয়েছে।

সুপার চেকিংয়েই ধরা পড়ে অনিয়ম

কমিশন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ‘সুপার চেকিং’ চলছে। রোল অবজারভার ও মাইক্রো অবজারভারদের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে। শুনানি প্রক্রিয়া শেষ হলেও তথ্য আপলোডের সময় কড়া নজরদারি চালানো হচ্ছে। সেই পর্যবেক্ষণেই এই অনিয়ম সামনে আসে।

কমিশনের বক্তব্য, সংশোধনমূলক ব্যবস্থা না নিয়েই কিছু অযোগ্য আবেদন অনুমোদন করা হয়েছে এবং কমিশনের নির্দেশ অমান্য করা হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট আধিকারিকদের প্রথমে সাসপেন্ড করা হয়েছে এবং পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থার জন্য মুখ্যসচিবকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভোটার তালিকা সংক্রান্ত কাজে কোনও রকম অনিয়ম বা নির্দেশ অমান্য বরদাস্ত করা হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!