- বি। দে । শ
- সেপ্টেম্বর ২৯, ২০২৬
আমেরিকার মাটিতে ভারতীয় সংস্থার বৃহত্তম ইস্পাত কারখানা ! আইওয়ায় দেড় লক্ষ কোটির প্রকল্পের ঘোষণা ট্রাম্পের
আমেরিকার মাটিতে তৈরি হতে চলেছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। ভারতের শিল্পগোষ্ঠী ‘এসার গ্রপ’-এর উদ্যোগে আইওয়া প্রদেশে এই বিশাল ইস্পাত প্রকল্প গড়ে উঠবে। সোমবার হোয়াইট হাউসে দুই ভারতীয় শিল্পপতি — এসারের সহ-প্রতিষ্ঠাতা রবি রুইয়া এবং তাঁর পুত্র রেবন্ত রুইয়া-কে পাশে বসিয়ে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় ১,৪৩,৯৬৬ কোটি টাকা (প্রায় দেড় লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করা হবে। খাতায়কলমে প্রকল্পটির জন্য অর্থ বিনিয়োগ করছে মার্কিন সংস্থা ‘মেসাবি মেটালিক্স’। তবে এই সংস্থাটিকে পরবর্তীকালে অধিগ্রহণ করেছে ভারতের ‘এসার শিল্পগোষ্ঠী’। ঘোষণার সময় ট্রাম্প বলেন, ‘মেসাবি মেটালিক্স’ আমেরিকার ইতিহাসে বৃহত্তম ইস্পাত কারখানা তৈরি করতে চলেছে। অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক, শক্তি ও জ্বালানি দফতরের সচিব ক্রিস রাইট এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের প্রধান জন জোভানভিক-সহ অন্যান্য আধিকারিক।
হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে এই ইস্পাত কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে বছরে গড়ে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদন হবে। প্রকল্পটি আইওয়া প্রদেশে সরাসরি অন্তত ১,৭৫০টি কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শুধু ইস্পাত কারখানা নয়, এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে একটি নতুন লৌহ আকরিক খনিও। কারখানার প্রয়োজনীয় লৌহ আকরিক আসবে মিনেসোটা প্রদেশের একটি নতুন খনি থেকে। ওই খনিতে খননকার্য শুরু করার জন্য এসার গোষ্ঠী ইতিমধ্যেই প্রায় ২.৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, মিনেসোটার ওই খনি থেকে প্রতি বছর প্রায় ৭৫ লক্ষ টন লৌহ আকরিক উত্তোলন করা হবে। এর ফলে সেখানে প্রায় ৩৫০ জনের কর্মসংস্থান হবে। হোয়াইট হাউসের দাবি, প্রায় ৫০ বছর পর এই প্রথম আমেরিকার কোনও নতুন খনি থেকে খনিজ উত্তোলন শুরু হতে চলেছে। ফলে এসারের ইস্পাত প্রকল্পটি শুধু শিল্প বিনিয়োগের দিক থেকেই নয়, আমেরিকার খনিজ ও উৎপাদন পরিকাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সামনে এসেছে।
❤ Support Us







