Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে পড়ল তালা।আইসিসি পুনর্গঠন নিয়ে ছাত্রদের প্রস্তাব পেশের সিদ্ধান্ত ইসি বৈঠকে

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে পড়ল তালা।আইসিসি পুনর্গঠন নিয়ে ছাত্রদের প্রস্তাব পেশের সিদ্ধান্ত ইসি বৈঠকে

কয়েকদিন ধরে আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলির মধ্যে ঝামেলা চলছে, এরই মধ্যে হস্টেলে অবাধ যাতায়াতের দাবিতে অন্তর্বর্তী উপাচার্যের ঘরে তালা মেরে দিল ছাত্রদের একাংশ।

আমরা স্বাধীনতা চাই’ এই স্লোগান দিতে দিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের ভিতরে জমায়েত করেন একদল ছাত্র। মিছিল করে অরবিন্দ ভবনে গিয়ে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের ঘরের বাইরের গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না উপাচার্য । ছাত্রছাত্রীদের প্রশ্ন, কেন তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে ? কেন রাতে হস্টেলে অবাধ যাতায়াত করতে পারবেন না পড়ুয়ারা ?

হোস্টেল কর্তৃপক্ষের তরফে অভিযোগ, প্রথম বর্ষের হস্টেলে রাতে ছাদের দরজা ভেঙে ব্যবহার করা হয়। এরপরই বিধিনেষেধ আনা হয়েছে। ২০২৩ সালের র‌্যাগিংয়ের ঘটনা আজও কেউ ভোলেননি। প্রথম বর্ষের ছাত্রের মৃত‍্যুর ঘটনায় শিউরে উঠেছিল রাজ্যবাসী। অনেক জলঘোলা হয়েছিল সে নিয়ে। এরপরই ক‍্যাম্পাসের ভিতরে ওল্ড পিজি এবং নিউ ব্লক হস্টেলে ২০২৪ সালে ঢোকা প্রথম বর্ষের থাকার ব‍্যবস্থা করা হয়। এরমধ্যে ছাত্রদের এ হেন ‘স্বাধীনতা’র দাবিতে ফের সংশয়ের মুখে পড়তে পারে পড়ুয়াদের নিরাপত্তা, বলে মনে করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির‌ নিয়ম মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পৃথক ছাত্রাবাস চালু করা হয়েছে এই শিক্ষাবর্ষ থেকে। ছাত্রাবাসের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাতে যে যখন খুশি প্রবেশ করে। বাধা দিতে গেলে বিক্ষোভের মুখে পড়েন হোস্টেল সুপারেরাও। এবার প্রবেশের ক্ষেত্রে বেনিয়ম প্রতিষ্ঠা করতে চাইছে পড়ুয়াদের একাংশ, বলে অভিযোগ।

বিক্ষোভরত পড়ুয়াদের তরফে অবশ্য, বলা হয়েছে রাত ১০ টা বাজলেই হোস্টেলের গেটে তালা মেরে দেওয়া হয়, ছাত্রদের নিদির্ষ্ট সময়ের মধ্যে হোস্টেলে ঢুকে পড়তে বাধ্য করা হচ্ছে, যা তাঁদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এই বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভিসি ঘরে তালা মেরে দেওয়া হয়েছে। তাঁদের দাবি মানলে তবেই তালা খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদি পড়ুয়ারা। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিএছেন , ‘‌ইউজিসির দাবি মেনেই প্রথম বর্ষের জন‍্য পৃথক হস্টেল এবং নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। ছাত্ররা কেন সেটি বুঝতে পারছেন না, জানিনা।’ বাংলা বিভাগের অধ্যাপক ও হোস্টেল বণ্টন কমিটির সদস্য রাজেশ্বর সিনহা বলেছেন, ‘‌ছাত্রদের প্রয়োজনে রাত ১১টা পর্যন্ত তাঁদের বাইরে থাকার অনুমতি দেওয়া যায়। প্রথম বর্ষের দু’টি হস্টেলের আবাসিকরা রাত ১১টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারেন। কিন্তু অন‍্য বর্ষের ছাত্ররা বেশি রাতে প্রথম বর্ষের হস্টেলে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা সব থেকে বড় বিষয়।’‌

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা জুটার সাধরণ সম্পাদক পার্থপ্রতিম রায় ভিসি নিয়োগ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। কেন এখনো স্থায়ী ভিসি নিয়োগ হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে, অন্তর্বর্তী ভিসির নানান বাধ্যবাধকতা থাকতে পারে। অবিলম্বে এ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের ব্যবস্থা নেওয়া উচিৎ। হোস্টেলে প্রবেশ সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বলেছেন, ‘সমস্তটাই করা হয়েছে ইউজিসির নিয়ম মেনে । এইটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন । বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই শৃঙ্খলা প্রয়োজন । তাই এই নিরাপত্তাতে অসুবিধা হওয়া উচিত নয় । ছাত্রছাত্রীদের ভালোর জন্যই এই নিয়ম করা হয়েছে ।’ কর্তৃপক্ষের অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের মধ‍্যে কলা ও বিজ্ঞান বিভাগের বেশির ভাগের এ নিয়ম মানায় আপত্তি নেই। তবে, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের কেউ কেউ গররাজি।

প্রসঙ্গত, এই সপ্তাহেই আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলি। দেওয়াল লিখনে বামপন্থী ছাত্রদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। কয়েকটি ছাত্রদলের দাবি ছিল নির্বাচনের আগে আইসিসি- যা বিশ্ববিদ্যালয়ে যৌন অত্যাচার, অ্যাবিউজ, র‍্যাগিং সম্পর্কিত অভিযোগের তদারক করে ও ব্যবস্থা নেয় — তার পুনঃনির্মাণ করতে হবে। তারপর নির্বাচন হবে। এই নিয়েই বিরোধ বাঁধে। সাধরণত আইসিসিতে ছাত্র প্রতিনিধি ছাড়াও অধ্যাপকেরা এবং অন্য মনোনীত প্রতিনিধিরা থাকেন। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়েই, প্রতিটি ইউনিয়নের নির্বাচিত সদস্যরা এতে জায়গা পেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্টুডেন্ট ইলেকশন না হওয়ায়, এ বার আইসিসিতে ছাত্র প্রতিনিধি বাছতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই, জেইউ কর্তৃপক্ষের তরফে আইসিসি নির্বাচন ও গঠন সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে বলা ছিল, অধ্যাপক সৈকত সিনহা রায়কে আইসিসি’র পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করে পরামর্শদাতা কমিটির ছাত্র প্রতিনিধিদের জন্য নির্বাচনের দিন সংক্রান্ত বিশদ জানানো হবে। সব ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি ফ্যাকাল্টি থেকে মোট ৬ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি আইসিসিতে যাবে। স্নাতক ও স্নাতকোত্তর থেকে একজন করে প্রতিনিধি থাকবেন প্রতিটি ফ্যাকাল্টিতে। এই ৬ ছাত্র প্রতিনিধি পদেই নির্বাচন হবে। কিন্তু ইলেকশনের তারিখ এখনো ঘোষণা হয় নি। ছাত্র সংগঠনগুলির’র তরফে আইসিসির পুনর্গঠন নিয়ে বেশ কিছু অভিমত রাখা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য, শুক্রবার জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এগ্‌জিকিউটিভ কমিটি বা ইসির ওই বৈঠক । সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ২৪ তারিখ পুনর্গঠন সম্পর্কিত ফাইনাল ড্রাফট প্রস্তুত করা হবে, তাঁর আগে ছাত্রসংগঠন ও ইউনিয়নের সদস্যরের মতামত ইমেল মারফত জানাতে হবে। পরবর্তী ইসি মিটিংয়ের পর, আইসিসি নির্বাচন সম্পর্কিত ফাইনাল ড্রাফট উপাচার্যের কাছে পেশ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!