Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২১, ২০২৬

কলকাতা পুরসভায় অস্থিরতা, ইস্তফা দিতে পারেন ফিরহাদ ! কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা পুরসভায় অস্থিরতা, ইস্তফা দিতে পারেন ফিরহাদ ! কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। একসময় দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কলকাতাতেও উল্লেখযোগ্যভাবে শক্তি বাড়িয়েছে বিজেপি। শহরের ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে গেরুয়া শিবির। ফলাফলের প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

যদিও কলকাতা পুরসভা এখনো আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, তবুও সাম্প্রতিক একাধিক ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিমকে না জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিস পাঠানো হয়। পাশাপাশি, তৃণমূল সাংসদ মালা রায়ের ছেলের বিরুদ্ধে অস্ত্র মামলার ঘটনাও দলকে চাপে ফেলেছে।

এ আবহেই রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে যে, মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। এমনকি তিনি নাকি নিজের সিদ্ধান্তের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন বলেও সূত্রের দাবি। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তড়িঘড়ি দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকেই কলকাতা পুরসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন আপাতত বাতিল করা হয়েছে। এরপরই বিকেলে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা ১৩৭। তবে তাঁদের মধ্যে অনেকেই নিজেদের ওয়ার্ডে বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়েছেন। রাজ্যে বিজেপির উত্থানের ফলে তাঁরা ক্রমশ চাপে পড়ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

এদিকে আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও, নিয়ম অনুযায়ী রাজ্য সরকার চাইলে তার আগেই ভোট করাতে পারে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যদি সত্যিই ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেন, তাহলে প্রশাসক নিয়োগ না করে দ্রুত পুরভোটের পথে হাঁটতে পারে নতুন সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!