- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৭, ২০২৬
গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
কলকাতা থেকে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। বুধবার কোচবিহার জেলা পুলিশের একটি দল কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে। এরপর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়া হতে পারে।
পুলিশের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায় উদয়ন গুহের নাম উঠে এসেছে। সে মামলার সূত্র ধরেই এই গ্রেফতারি। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়া, প্রতারণা, দুর্নীতির অভিযোগও রয়েছে বলে দাবি পুলিশের ।
গ্রেফতারের পর উদয়ন গুহ দাবি করেছেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে মামলায় তিনি আগাম জামিন নিয়েছিলেন। তাঁর অভিযোগ, আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই গ্রেফতারিকে ‘অনৈতিক’ বলেও মন্তব্য করেন। পাল্টা পুলিশ কর্মকর্তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তাঁকে খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁরা জানতে পারেন, প্রাক্তন মন্ত্রী কলকাতার ফুলবাগানের একটি ফ্ল্যাটে গোপনে রয়েছেন। এরপর গোপন অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উদয়ন গুহ। তবে তিনি নির্বাচনে পরাজিত হন। দিনহাটার স্থানীয় সূত্রের দাবি, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় খুব কম দেখা যেত। ভোটের পর থেকেই তিনি কলকাতার ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেছিলেন বলে পুলিশের দাবি। জানা যাচ্ছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবারই তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হতে পারে।
❤ Support Us





