- দে । শ
- ডিসেম্বর ২২, ২০২৫
হাওড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড । ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত চার
ওড়ার জয়পুর থানার অন্তর্গত সাউড়িয়া সিং পাড়ায় রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রাণ হারান দুর্যোধন দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৪২), অর্চনা দোলুই (৩৮) এবং শম্পা দোলুই (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলুই পরিবারের বাড়িটি মাটির তৈরি এবং অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছিল। একটি মাত্র কামরায় রবিবার রাতে খাওয়াদাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ আচমকা বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে থাকা জিনিসপত্রে। আগুনের তাপে অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। চার জনেরই বাড়ি থেকে বেরোনোর সুযোগ হয়নি।
স্থানীয়দের দাবি, ওই দিন গঙ্গাপুজো উপলক্ষে এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। গ্রামের অধিকাংশ মানুষ সেখানে উপস্থিত থাকায় এবং বাকিরা ঘুমিয়ে থাকায় অগ্নিকাণ্ডটি প্রথমে কারও নজরে আসেনি। পরে আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুর থানার পুলিশ চার জনের দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ ও দমকল বিভাগ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
❤ Support Us






