- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১, ২০২৬
সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা শুরু, নয়া প্রকল্পে আগাম সাড়ে ১২ কোটি টাকা ভর্তুকি রাজ্যের
রাজ্য সরকারের ঘোষণামতো আজ, ১ জুন থেকে রাজ্য সরকারি বাস পরিবহণে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই সিদ্ধান্তের ফলে যাতে দীর্ঘদিনের এই সরকারি পরিবহণ সংস্থা আর্থিক ক্ষতির মুখে না পড়ে, সেজন্য আগাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি বরাদ্দ করেছে রাজ্য পরিবহণ দপ্তর। ইতিমধ্যেই সেই অর্থ নিগম কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে।
সাধারণত কর্মীদের বেতন ও অন্যান্য প্রশাসনিক ব্যয় মেটাতে রাজ্য সরকার নিয়মিত ভর্তুকি প্রদান করে থাকে। কিন্তু মহিলাদের জন্য ভাড়া সম্পূর্ণ মকুব হওয়ার ফলে নিগমের আয়ের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলেই আশঙ্কা করা হচ্ছিল। সেই কারণেই আগাম আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি মাসে প্রায় ৪ কোটিরও বেশি টাকার অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হবে। সেই বিষয়টি পরিবহণ দপ্তরকে জানানো হয়েছিল। এরপরই প্রায় তিন মাসের সম্ভাব্য ক্ষতি মোকাবিলার জন্য আগাম সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন ব্যবস্থার সঙ্গে কর্মীদের মানিয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে পরিষেবা পরিচালনায় কোনও সমস্যা না হয়।
নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ৫ হাজার যাত্রী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে যাতায়াত করেন। এর মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই মহিলা যাত্রী। বর্তমানে এনবিএসটিসির মাসিক গড় আয় ১৪ থেকে ১৫ কোটি টাকার মধ্যে। মহিলা যাত্রীদের ভাড়া মকুব হওয়ার ফলে প্রতি মাসে প্রায় ৪ কোটি টাকা আয় কমতে পারে বলে প্রাথমিক হিসাব।
এই সম্ভাব্য আর্থিক ঘাটতির বিষয়টি নিগম কর্তৃপক্ষ রাজ্য পরিবহণ দপ্তরের নজরে আনার পরই অতিরিক্ত ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা। বিশেষ করে কর্মসূত্রে নিয়মিত বাসে যাতায়াতকারী মহিলারা মনে করছেন, বিনামূল্যে বাস পরিষেবার ফলে তাঁদের মাসিক যাতায়াত খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং আর্থিকভাবে অনেকটাই স্বস্তি মিলবে।
❤ Support Us






