Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

জেএনইউ-তে মোদি-শাহ বিরোধী স্লোগান । প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন গিরিরাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
জেএনইউ-তে মোদি-শাহ বিরোধী স্লোগান । প্রতিবাদী ছাত্রদের বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন গিরিরাজ

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রতিবাদী পড়ুয়াদের ‘দেশবিরোধী’ ও ‘টুকরে টুকরে গ্যাং’-এর সদস্য বলে আক্রমণ করার পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভুলে যেও না, এটা একবিংশ শতাব্দীর নরেন্দ্র মোদির ভারত।”

সোমবার ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, দাঙ্গার ষড়যন্ত্র ও সংগঠনে তাঁদের কেন্দ্রীয় ভূমিকা ছিল। যদিও একই মামলায় জেলবন্দি থাকা আরও পাঁচজন অভিযুক্তকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সর্বোচ্চ আদালত।

উমর খালিদের জামিন খারিজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে শুরু হয় প্রতিবাদ। সেই সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান ওঠে, “জেএনইউ কী ধরতী পর মোদি-শাহ কী কবর খুদেগী” অর্থাৎ, ‘জেএনইউ-এর মাটিতেই মোদি-শাহের কবর খোঁড়া হবে।’ এই স্লোগান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গিরিরাজ সিং অভিযোগ করেন, জেএনইউ এখন ‘টুকরে টুকরে গ্যাং’, আরজেডি, তৃণমূল, বাম দল এবং রাহুল গান্ধির মতো দেশবিরোধী মানসিকতার মানুষের আখড়া হয়ে উঠেছে। তিনি বলেন, “ওদের মনে রাখা উচিত, এটা ভারত—নরেন্দ্র মোদির ভারত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গেরুয়া রং-ই থাকবে।” পাশাপাশি উমর খালিদ ও শারজিল ইমামের সমর্থকদের পাকিস্তানি মানসিকতার ধারক এবং দেশদ্রোহী বলেও তোপ দাগেন তিনি।

বিজেপি বিধায়ক অরবিন্দর সিং লাভলি এই স্লোগানের তীব্র নিন্দা করে বলেন, “এই দেশে কেউই সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়। বিচার ব্যবস্থার সিদ্ধান্ত মানা সকলের কর্তব্য। এইভাবে ন্যায়বিচারের বিরোধিতা করে রাজনীতি করা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি।” যারা দেশকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও জানান তিনি।

জেএনইউ ক্যাম্পাসের এই স্লোগান ও তার পালটা রাজনৈতিক প্রতিক্রিয়া নতুন করে মতপ্রকাশের স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও দেশবিরোধিতার অভিযোগ—এই তিন বিষয়কে ঘিরে জাতীয় বিতর্ককে আরও উসকে দিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!