- বি। দে । শ
- মার্চ ১৭, ২০২৬
বৃদ্ধাকে ভয় দেখানোর অভিযোগ, মানবাকৃতি রোবটকে ‘আটক’ করে জেরা পুলিশের
প্রযুক্তির অগ্রগতি যত দ্রুত, যত চমকপ্রদভাবে এগোচ্ছে, ততই বাড়ছে তাকে ঘিরে সংশয়। সে সংশয়েরই অদ্ভুত এক দৃষ্টান্ত দেখা গেল চিনের ম্যাকাওয়ে। ৭০ বছরের বৃদ্ধাকে আতঙ্কিত করার অভিযোগে ‘আটক’ করা হল এক মানবাকৃতি রোবটকে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, রোবট কি তবে আইনের আওতায়? নাকি দায় অপারেটরের?
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়, পাটানে এলাকার ইয়াং ফা হিউয়েন আবাসনের কাছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সময় একা হাঁটছিলেন বৃদ্ধা। হাঁটতে হাঁটতে নিজের মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন তিনি। সে সময়ই আচমকা তাঁর পিছনে এসে দাঁড়ায় মানবাকৃতির রোবট— ‘ইউনিট্রি জি-১’। প্রায় ৪ ফুট উচ্চতার ওই যন্ত্রটি নীরবে তাঁর ঠিক পিছনে থেমে থাকায় কিছুক্ষণের জন্য কিছুই টের পাননি বৃদ্ধা। হঠাৎ পিছনে তাকিয়ে রোবটটিকে দেখতে পেয়েই চমকে ওঠেন তিনি। আতঙ্কে চিৎকার করে ওঠেন। রোবটের উদ্দেশ্যে চড়া গলায় বলেন, ‘তুমি আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছ! তোমার করার মতো তো অনেক কাজ আছে, তাহলে এসব করে কী লাভ? তুমি কি পাগল নাকি?’ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বৃদ্ধার আতঙ্ক এতটাই বেড়ে যায় যে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিকভাবে আঘাত পাননি তিনি, চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেন।
ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, দুই পুলিশকর্মী ঘটনাস্থলে এসে রোবটটিকে ‘আটক’ করে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্যই আলোচনার জোয়ার এনে দেয়। নেটিজেনদের একাংশ রসিকতা করে বলছেন, ‘এবার কি তবে রোবটদেরও গ্রেফতার করা হবে?’ অন্যদিকে, অনেকেই প্রশ্ন তোলেন, জনবহুল এলাকায় এ ধরনের উন্নত যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে কি পর্যাপ্ত নিরাপত্তা বিধি রয়েছে?
চিনা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোবটটির ৫০ বছর বয়সী অপারেটরকে ডেকে সতর্ক করা হয়। জনবহুল এলাকায় এ ধরনের যন্ত্র ব্যবহার করার সময় আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। পরে অবশ্য রোবটটি তাঁর কাছেই ফিরিয়ে দেওয়া হয়। এদিকে, রোবটটির ব্যবহারের পিছনে থাকা একটি স্থানীয় শিক্ষা কেন্দ্র ঘটনার ব্যাখ্যা দিয়েছে। কেন্দ্রের প্রতিনিধি টোউইন মাক একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে জানান, রোবটটি আসলে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছিল। তাঁর দাবি, ‘ওই সময় মহিলা পথের মাঝখানে দাঁড়িয়ে ফোন দেখছিলেন। রোবটটি তাঁর পাশ কাটিয়ে যেতে পারেনি বলেই পিছনে থেমে অপেক্ষা করছিল। সে সময় হঠাৎ করে তিনি রোবটকে দেখে ভয় পেয়ে যান।’
🚨A humanoid robot arrested by police in Macau,China, after it allegedly frightened a 70-year-old woman. pic.twitter.com/XsFuqp8YOl
— Indian Infra Report (@Indianinfoguide) March 16, 2026
প্রসঙ্গত, চিনের তৈরি অত্যাধুনিক ‘ইউনিট্রি জি-১’ একটি বাণিজ্যিকভাবে উপলব্ধ মানবাকৃতি রোবট, যা মূলত শিক্ষামূলক ও প্রদর্শনমূলক কাজে ব্যবহৃত হয়। এতে রয়েছে উন্নত বাধা শনাক্তকরণ ব্যবস্থা এবং উন্নত ক্যামেরা, যা তাকে চলার পথে সমস্ত প্রতিবন্ধকতা এড়াতে সাহায্য করে। তবে এ ঘটনা ফের এক বার প্রশ্ন তুলে দিল, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের মানসিক প্রস্তুতি কি তার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে ?
❤ Support Us






