- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৬
বিমানবন্দর নয়, জাতীয় সড়কেই অবতরণ: অসমের মোরানে সি-১৩০জে ‘হারকিউলিস’ নামিয়ে নজির প্রধানমন্ত্রীর
“এয়ারপোর্ট পে নেহি, সড়ক পে ল্যান্ড কারেঙ্গে”— এই ঘোষণাকেই বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। শনিবার অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করল বায়ুসেনার সি-১৩০জে ‘হারকিউলিস’ পরিবহণ বিমান, যাতে সওয়ার ছিলেন তিনি। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী জাতীয় সড়কে বিমান অবতরণ করে নজির গড়লেন।
এদিন সকালে অসমের চাবুয়া বিমানঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে হারকিউলিসে চড়ে ডিব্রুগড়ের মোরানের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। মোরানে ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ পথ (এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি)। সেখানেই সফলভাবে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান।
মোরানে পৌঁছনোর পর শুরু হয় বায়ুসেনার বিশেষ প্রদর্শনী। এতে অংশ নেয় তেজাস, সুখোই ও রাফালে-সহ একাধিক যুদ্ধবিমান, যা উপস্থিত সকলের নজর কাড়ে। প্রধানমন্ত্রী জানান, আপৎকালীন পরিস্থিতিতে এই জরুরি অবতরণ পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবতরণ পথ যুদ্ধবিমান ও পরিবহণ— দুই ধরনের বিমানই ব্যবহার করতে পারবে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, পাশাপাশি পণ্য সরবরাহ ও দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিশেষ পরিস্থিতিতে এটি ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করবে।
জানা গিয়েছে, মোরানের এই জরুরি অবতরণ পথে সর্বোচ্চ ৪০ টন ওজনের সামরিক বিমান এবং ৭৪ টন ওজনের অসামরিক বিমান ওঠানামা করতে পারবে। জাতীয় সড়ককে এভাবে কৌশলগত পরিকাঠামোয় রূপান্তরিত করা উত্তর-পূর্ব ভারতে প্রতিরক্ষা প্রস্তুতিকে নতুন মাত্রা দিল বলেই মনে করা হচ্ছে।
❤ Support Us








