Advertisement
  • বৈষয়িক
  • আগস্ট ৯, ২০২৫

আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বেড়ে ৫০ হাজার

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বেড়ে ৫০ হাজার

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক নতুন করে ‘ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স’ নিয়ম চালু করল। ১ আগস্ট থেকে শহর ও মেট্রো এলাকায় নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখন মাসে গড়ে কমপক্ষে ৫০ হাজার টাকা রাখতে হবে। এর আগের নিয়ম ছিল মাত্র ১০ হাজার টাকা। পুরনো গ্রাহকদের ক্ষেত্রে অবশ্য এই শর্ত অপরিবর্তিত থাকবে।

আধাশহরাঞ্চলে নতুন অ্যাকাউন্ট খুললে মাসিক গড় ব্যালেন্স হবে ২৫ হাজার টাকা, আর গ্রামীণ এলাকায় এই সংখ্যা দাঁড়ালো ১০ হাজার টাকায়। আগের নিয়মে আধা-শহরাঞ্চলে ছিল মাত্র ৫ হাজার টাকা এবং গ্রামীণ অঞ্চলে ৫ হাজার টাকা। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী মাসে গড়ে ন্যূনতম ব্যালেন্স না রাখলে ঘাটতির ৬ শতাংশ বা ৫০০ টাকা, যেটা কম হবে, সেটাই জরিমানা দিতে হবে গ্রাহকদের। আগে এই জরিমানা ছিল ৪৫০ টাকা। অর্থাৎ, যে গ্রাহকরা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাদের পকেটে এই সিদ্ধান্ত বড় ধাক্কা হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া, ব্যাংক ক্যাশ লেনদেনেও নতুন নিয়ম এনেছে। প্রতি মাসে ৩টি নগদ জমা বিনামূল্যে, তার পরের প্রতিটি লেনদেনে ১৫০ টাকা চার্জ। মাসে ১ লাখ পর্যন্ত নগদ জমা বিনামূল্যে করা যাবে, তার ওপরে অতিরিক্ত ফি দিতে হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে জমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ২৫ হাজার। ক্যাশ তোলবার ক্ষেত্রেও প্রথম ৩ লেনদেন ফ্রি থাকলেও অতিরিক্ত লেনদেনে ১৫০ টাকা করে দিতে হবে। মাসিক ১ লাখের বেশি উত্তোলনে প্রতি হাজার টাকা বা ১৫০, যেটা বেশি হবে, সে অনুযায়ী ফি লাগবে। নগদ উত্তোলনের ক্ষেত্রে মেট্রো শহরের বাইরের এটিএম থেকে লেনদেন করলে প্রথম ৩টি বাদে অতিরিক্ত লেনদেনে নির্দিষ্ট চার্জ দিতে হবে।

এর আগে, এই বছরের এপ্রিল মাসে আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও কমিয়েছিল ০.২৫ শতাংশ। বর্তমানে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জমায় সুদের হার দাঁড়িয়েছে ২.৭৫ শতাংশ। অন্যদিকে, দেশের সবচেয়ে বৃহৎ রাষ্ট্রয়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২০ সালে ন্যূনতম ব্যালেন্স রাখার শর্ত তুলে দিয়েছিল। অন্য অনেক বেসরকারি ব্যাংক এখনো ২ হাজার থেকে ১০ হাজারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তাই আইসিআইসিআইয়ের এই কঠোর নতুন নিয়ম গ্রাহকদের জন্য ব্যাপক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলে মত বিশেষজ্ঞদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!