Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৮, ২০২৪

নদীতে জল বাড়ায় পূর্ব বর্ধমানে বন্ধ ফেরি, পরীক্ষা দিতে গিয়ে নাজেহাল বহু ছাত্রছাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
নদীতে জল বাড়ায় পূর্ব বর্ধমানে বন্ধ ফেরি, পরীক্ষা দিতে গিয়ে নাজেহাল বহু ছাত্রছাত্রী

জল বাড়ছে ভাগীরথী, খড়ি, দামোদর-সহ বিভিন্ন নদীতে। তার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ফেরিঘাটে। বিপদের আশঙ্কায় বিভিন্ন ঘাটে রোগী ও প্রসূতিদের জন্য ছাড় দিয়ে ফেরি পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর ফলে সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরা। জেলাজুড়ে সোমবার থেকে বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। বহু জায়গায় নদী পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। ফেরি সার্ভিস অনিয়মিত হওয়ায় বহু জায়গায় পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারছে না। নদিয়ার বল্লভপাড়া ও কেতুগ্রামের শাঁখাইয়ের ভাগীরথী পার হয়ে কাটোয়ার বিভিন্ন স্কুল ও কলেজে, নদিয়ার মাটিয়ারি ঘাট পেরিয়ে দাঁইহাটের বিভিন্ন স্কুলে, নদিয়ার নৃসিংহপুর ঘাট পেরিয়ে কালনার স্কুল ও কলেজে নদিয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে আসে বহু ছাত্রছাত্রী।

প্রায় সব স্কুলের দ্বিতীয় ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা স্থগিত রেখেছে কাটোয়া বালিকা বিদ্যালয়। কাটোয়া শহরের ভারতী ভবন উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আনারুল হক মণ্ডল জানান, ‘পরীক্ষা বন্ধ রাখিনি। তবে ফেরি পারাপার বন্ধ থাকার কারণে যারা পরীক্ষা দিতে পারছে না, তাদের পরে পরীক্ষা নেওয়া হবে।’ নাদনঘাটে খড়ি নদীর উপচানো জল ঢুকে পড়েছে স্থানীয় নওয়াপাড়া হাইস্কুলে। বাধ্য হয়ে তিনদিন পরীক্ষা ও পঠনপাঠন বন্ধ রেখেছেন স্কুল কর্তৃপক্ষ।

ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় শুধু পরীক্ষাই ব্যাহত হচ্ছে না, অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে। যেমন কালনা ফেরিঘাট দিয়ে রোজ প্রচুর পরিমাণে ধান, চাল, খড় নদিয়ায় নিয়ে যাওয়া হয়। আবার নদিয়া থেকে রোজ কালনায় প্রচুর পরিমাণে দুধ ও আনাজ আসে। নিত্য প্রয়োজনে নদিয়া ও কেতুগ্রাম থেকে হাজার হাজার মানুষ রোজ ভাগীরথী পেরিয়ে কাটোয়ায় আসেন। একই অবস্থা জালুইডাঙা, নসরৎপুর, পিয়ারিনগর গ্রামগুলির। কবে ফেরি চলাচল স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে হাজার হাজার মানুষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!