Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

বিহার পুলিশের হাতে গ্রেফতার নেপালের ১৩ পলাতক বন্দী

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহার পুলিশের হাতে গ্রেফতার নেপালের ১৩ পলাতক বন্দী

‌বিক্ষোভের সময় নেপালের গৌড় কারাগার থেকে পলাতক ১৩ জন বন্দীকে গ্রেফতার করল ভারতীয় পুলিশ। ভারত–নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করার সময় তল্লাশি করতে গিয়ে এই পলাতক বন্দীরা ধরা পড়ে। তাদের বিহারের সীতামারহি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

নেপালে অস্থিরতার মধ্যে বিক্ষোভকারীরা যখন কারাগারে হামলা চালায়, সেই সময় ৯ সেপ্টেম্বর হাজার হাজার বন্দী জেল ভেঙে পালিয়ে যায়। এই ১৩ জন সেই পলাতক বন্দীদের মধ্যে ছিল। জেল ভেঙে পালানোর পর তারা ভারত–নেপাল সীমান্ত পেরিয়ে বিহারের সীতামারহি জেলায় প্রবেশ করে। ভারত–নেপাল সীমান্তে সতর্কতা জারি করার পর সশস্ত্র সীমা বল ও বিহার পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নেপালের পলাতক বন্দীরা হল জিতেন্দ্র গিরি, গণেশ সাহ, সন্তোষ রাম, রণধীর যাদব, বিবেক মিশ্র, রাজন সাহ সোনার, অজয় যাদব, রাজেশ প্যাটেল, মোহন সাহ, মনু জয়সওয়াল, রাকেশ কুমার, মুনিফ কুমার যাদব এবং সুধীর কুমার মাহাতো।

এই ১৩ বন্দীকে গ্রেফতারের পর বিহার পুলিশ নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। নেপাল পুলিশকে বন্দীদের গ্রেফতারের খবর জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ১৩ জন বন্দীকে নেপাল পুলিশের হাতে হস্তান্তর করা হবে। জেল ভেঙে পলাতক বন্দীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য সীমান্তরক্ষী বাহিনী সীতামারহি এবং পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি জোরদার করেছে।

মঙ্গলবার নেপালে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সারা দেশে ১২টিরও বেশি কারাগারে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ ও দাঙ্গার মধ্যে হাজার হাজার বন্দী পালিয় যায়। ৭৭টি জেলার কারাগার থেকে ১৫ হাজারের বেশি বন্দী পালিয়ে গেছে বলে নেপাল পুলিশ জানিয়েছে। রাউতাহাট জেলার গৌড় কারাগারের বন্দীদের পলাতকের ঘটনার ব্যাপারে ভারতের সশস্ত্র সীমা বল ও বিহার পুলিশকে অবহিত করা হয়। নেপাল পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করে এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীকে বন্দীদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়। এরপরই ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে টহল জোরদার করে। ভারত ও নেপাল, দুই দেশই সীমান্তে যৌথ নজরদারি অব্যাহত রেখেছে। পলাতক বাকি বন্দীদের জন্য তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বৃহস্পতিবার নেপালের এক কারাগারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৩ জন বন্দী নিহত হয়েছে। মঙ্গলবার সহিংসতা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত বন্দীর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে পশ্চিম নেপালের বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভা ৩–এ অবস্থিত নওবাস্তা আঞ্চলিক কারাগারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ জন কিশোর বন্দী মারা যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!