Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৬

যুবভারতীতে রাশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল

আরম্ভ ওয়েব ডেস্ক
যুবভারতীতে রাশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল

বদলে যাওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনে এখন ব্রাজিল এবং উরুগুয়ের প্রতীক্ষা। প্রথমবার কলকাতায় খেলবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ৪২ বছর পর আবার কলকাতায় খেলবে উরুগুয়ে। চমক আরও আছে। এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচও। রাশিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১১ অক্টোবর। তবে ফুটবলপ্রেমীদের যাবতীয় আকর্ষণ ব্রাজিল ম্যাচ ঘিরেই।

যদিও ব্রাজিল ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া হওয়ায় এখনও পর্যন্ত চাহিদা তুঙ্গে ওঠেনি। বেশি দর্শক টানতে একটার সঙ্গে আর একটা টিকিট ফ্রি দেওয়ার কথা ঘোষণা করেছে ফেডারেশন। সেক্ষেত্রে একটা বিশেষ কোড ব্যবহার করতে হবে। আগামী কালই ব্রাজিল দল কলকাতায় চলে আসছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ইতিমধ্যে পানামার সঙ্গে লড়াকু ড্র করে ভারতীয় দল শহরে অনুশীলন শুরু করেছে।

এদিকে, ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে পাশে নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়ে দিয়েছেন, শুধু ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচ নয়, কলকাতায় আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় মহিলা ফুটবল দল প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ফিফা ম্যাচ খেলবে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “ব্রাজিল ও উরুগুয়ে দল কলকাতায় খেলতে আসছে। এর পাশাপাশি আরও একটা ভাল খবর আছে। রাশিয়ার মহিলা ফুটবল দলও কলকাতায় খেলতে আসছে। ৮ ও ১১ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।”

এদিকে, ব্রাজিল, উরুগুয়ের পুরুষ দল ছাড়াও রাশিয়ার মহিলা দল, ভারতীয় পুরুষ ও মহিলা দলকেও রাজ্যের অতিথি হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব দলকেই নৈশভোজে আপ্যায়িত করে বিশেষ সম্মান জানানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাজির থেকে সব দলকেই সম্মানিত করবেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দর্শকদের জন্য থাকছে অনেক নতুনত্ব। একদিকে যেমন টিকিট কাটার সময়ই নিজের আসন দেখে নিতে পারছেন দর্শকরা, তেমনই মাঠে থাকছে হসপিটালিটি। জলের ব্যবস্থা ছাড়াও মাঠে বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। ফুটবলারদের ডাগ আউটেও থাকছে নতুনত্ব। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “এই দুটি প্রীতি ম্যাচ ঘিরে আমরা বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেছি। দর্শকরা যাতে দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করতে পারে তার ব্যবস্থা করছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!