Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৮, ২০২৬

ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ড! ইলেকট্রিক গাড়ির চার্জার থেকে আগুন, একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ড! ইলেকট্রিক গাড়ির চার্জার থেকে আগুন, একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় বুধবার ভোররাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যাতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। এই মর্মান্তিক ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও তিনজন, যাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাড়ির সামনে রাখা একটি ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট বা ব্যাটারি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন গাড়ি থেকে বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। বাড়ির প্রবেশপথের দিকেই প্রথম আগুন লাগে, ফলে পরিবারের সদস্যরা বেরিয়ে আসার সুযোগই পাননি। দ্রুত আগুন ও ঘন ধোঁয়ায় পুরো বাড়ি ঢেকে যাওয়ায় তাঁরা ঘরের ভিতরেই আটকে পড়েন। ঘটনাস্থলেই সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। উপস্থিত ছিলেন এসিপি কুন্দন মান্ডলোই-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং দগ্ধ সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে এখনও পর্যন্ত তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ত্রুটি, অতিরিক্ত তাপ সৃষ্টি বা চার্জিংয়ের সময় ত্রুটির কারণে এমন বিস্ফোরণ ঘটতে পারে, যা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!