- বি। দে । শ
- মার্চ ৩১, ২০২৬
জৈশ নেতা তাহির আনোয়ার-এর মৃত্যু
পাকিস্তানে ফের আলোড়ন ফেলেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ-এর রহস্যমৃত্যু । সংগঠনটির প্রধান মাসুদ আজহার-এর ভাই মহম্মদ তাহির আনোয়ার-এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে ।
ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্র আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে । তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি । তাহির আনোয়ার জৈশ-ই-মহম্মদের অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন এবং দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগঠনের সামরিক শাখার নেতৃত্ব দিয়েছেন । জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শিবির পরিচালনা এবং বিভিন্ন সন্ত্রাসী অভিযানের আগে প্রস্তুতি নেওয়ার দায়িত্ব ছিল তাঁর উপর । ভারতের বিরুদ্ধে একাধিক বড় হামলায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ২০০১ সালের ভারতীয় সংসদ হামলা এবং পুলওয়ামা হামলা।
১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাই কাণ্ড-এর পর মাসুদ আজহার মুক্তি পাওয়ার পরে সংগঠনটি পুনর্গঠন করা হয় । ২০০১ সালে তাহির আনোয়ার আনুষ্ঠানিকভাবে জৈশে যোগ দেন এবং এরপর থেকে সংগঠনের প্রশিক্ষণ কাঠামো গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । গত কয়েক মাস ধরে বাহাওয়ালপুরে জৈশের নবপ্রতিষ্ঠিত সদর দপ্তর ‘মারকাজ উসমান-ও-আলি’-তে অবস্থান করছিলেন তিনি। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ওই কমপ্লেক্সের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে দাবি। একই রাতেই প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়, যেখানে সংগঠনের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাসুদ আজহার ছাড়াও ইব্রাহিম আজহার, তালহা আল সাইফ, আবদুর রউফ এবং মহম্মদ আম্মার আলভি।
অপারেশন সিঁদুরের পর গতবছর ২৫ অক্টোবর জৈশ–ই–মহম্মদের নারী সন্ত্রাসী শাখা জামায়াত–উন–মোমিনাত প্রতিষ্ঠিত হয়। মহিলা সন্ত্রাসী সংগঠনকে জোরদার করতে নারী শাখা খোলে জৈশ–ই–মহম্মদ। সূত্রের খবর, হাকিম মোহাম্মদ তাহির আনোয়ার এই সংগঠনের মহিলা শাখাকে দেখাশোনা করতেন। তাঁর মূত্যু নিঃসন্দেহে জৈশ–ই–মহম্মদের কাছে বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, তাহির আনোয়ারের মৃত্যু জৈশ-ই-মহম্মদের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ সংগঠনের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি । সূত্রমতে, তাঁকে পাকিস্তানের বাহাওয়ালপুরে জৈশের সদর দফতরে শেষকৃত্য হবে ।
পাকিস্তান প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর ।
❤ Support Us







