- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৮, ২০২৫
মুকুটে আরও একটা পালক, এবার আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা
আগের দিনই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন যশপ্রীত বুমরা। একদিন কাটতে না কাটতেই আরও বুমরার মুকুটে আরও একটা পালক। আইসিসি–র বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্বীকৃতি পেলেন এই ভারতীয় জোরে বোলার। বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে পেলেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। তিনিও প্রথমবার এই পুরস্কার পেলেন। কের পেলেন র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।
আজ ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। বর্ষসেরা হওয়ার লড়াইয়ে বুমরা পেছনে ফেলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে। সব ধরণের ক্রিকেটে গতবছরটা স্বপ্নের মতো কেটেছে বুমরার। টি২০ বিশ্বকাপে যেমন দুরন্ত বোলিং করেছিলেন, তেমনই টেস্ট ক্রিকেটে। সেরা পারফরমেন্সের বিচারেই তিনি সেরা নির্বাচিত হয়েছেন।
২০১৮ সালে শেষবার ভারতের কোনও ক্রিকেটার আইসিসি–র বর্ষসেরা হয়েছিলেন। সেবছর কোহলির হাতে উঠেছিল স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। ৭ বছর পর আবার কোনও ভারতীয় ক্রিকেটার এই পুরস্কার জিতলেন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে হিসেবে আইসিসি–র বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন যশপ্রীত বুমরা। জোরে বোলারদের মধ্যে অবশ্য তিনি প্রথম। ২০০৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে আইসিসি। প্রথমবারই এই পুরস্কার জিতেছিলেন রাহুল দ্রাবিড়। ২০১০ সালে শচীন তেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন। ২০১৭ ও ২০১৮ সালে পরপর দু’বার জেতেন বিরাট কোহলি। এবার জিতলেন বুমরা।
অন্যদিকে মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ডের অলরাউন্ডার বর্ষসেরা হওয়ার পথে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে। মহিলাদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া শুরু হয় ২০০৬ সাল থেকে। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে অ্যামেলিয়া কের এই পুরস্কার জিতলেন।
❤ Support Us







