- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২, ২০২৫
জেইই অ্যাডভান্স-২০২৫-এর ফলাফল প্রকাশিত। মেধাতালিকায় প্রথম দিল্লির রাজিত গুপ্ত । মেয়েদের সেরা বাংলার দেবদত্তা
বহু প্রতীক্ষিত জেইই অ্যাডভান্সড-২০২৫-এর ফলাফল সোমবার ভোরে প্রকাশ করল আইআইটি কানপুর। পরীক্ষার ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই নজর কেড়ে নিল দিল্লির রাজিত গুপ্ত। সর্বমোট ৩৬০ নম্বরের মধ্যে ৩৩২ নম্বর পেয়ে উঠে এলেন সর্বভারতীয় মেধাতালিকার শীর্ষে। অন্যদিকে, মহিলাদের মধ্যে সেরা হলেন পশ্চিমবঙ্গের খড়গপুরের দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র্যাঙ্ক লিস্টে তাঁর স্থান ১৬।
১৮ মে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এ বছর বসেছিলেন মোট ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৪ হাজার ৯৭৪ জন এবং ছাত্রী ৯ হাজার ৪০৪ জন। দিল্লি ‘অঞ্চল’ থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩৭০। প্রথম দশে জায়গা করে নিয়েছেন এই ‘অঞ্চল’-এর ৪ জন পরীক্ষার্থী। আইআইটি দিল্লি, বম্বে, কানপুর, খড়গপুর-সহ বিভিন্ন জোনের পরীক্ষার্থীরা প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন। একের পর এক কৃতিত্বে উজ্জ্বল রাজিত গুপ্ত। জেইই মেনস-এ যেখানে দেশের মধ্যে ছিলেন ১৬ নম্বরে, অ্যাডভান্সড-এ উঠে এলেন একেবারে শীর্ষে। অপরদিকে, সাফল্য ধরা দিয়েছে দেবদত্তার হাতেও। আগামী দিনে দুই মেধাবী ছাত্রছাত্রীর হাত ধরে কোথায় পৌঁছয় দেশের প্রযুক্তি ভবিষ্যৎ, তাকিয়ে শিক্ষাজগৎ।
রাজিত ছাড়াও প্রথম দশে রয়েছেন সাক্ষম জিন্দাল, মাজিদ মুজাহিদ হুসেন, পার্থ মন্দার ভার্তক, উজ্জ্বল কেশরী, অক্ষত কুমার চৌরাসিয়া, সাহিল মুকেশ দেও, দেবেশ পঙ্কজ ভাইয়া, অর্ণব সিং ও বদলমুদি লোকেশ। কম্পিউটার-ভিত্তিক এই পরীক্ষায় পড়ুয়াদের উত্তর দিতে হয় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে। প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট নম্বর ছিল ৩৬০। প্রতিটি বিষয়ে সর্বাধিক নম্বর ছিল ১২০। এই সকল বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হয়েছে সারা ভারতের জন্য মেধা তালিকা। পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, উত্তীর্ণের মান ও র্যাঙ্ক জানিয়ে দেওয়া হয়েছে স্কোরপত্রে।
ফলাফল দেখতে হলে পরীক্ষার্থীদের যেতে হবে [jeeadv.ac.in](https://jeeadv.ac.in) ওয়েবসাইটে। রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই ফলাফল ডাউনলোড করা যাবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভর্তির প্রস্তুতি। আগামী ৩ জুন থেকে শুরু হচ্ছে জোসা অর্থাৎ যৌথ আসন বরাদ্দ পরামর্শ পর্ব। আইআইটি, এনআইটি, আইআইআইটি এবং অন্যান্য কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রযুক্তি প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া চলবে সেই মাধ্যমেই। বিস্তারিত সময়সূচি ও নির্দেশিকা পাওয়া যাবে [josaa.nic.in](https://josaa.nic.in) ওয়েবসাইটে। যাঁরা স্থাপত্যবিদ্যায় ভর্তি হতে আগ্রহী, তাঁদের জন্য রয়েছে আলাদা পরীক্ষা—স্থাপত্য প্রবণতা পরীক্ষা বা এএটিআই-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২ জুন সকাল ১০টা থেকে, চলবে ৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে হবে [cportal.jeeadv.ac.in](https://cportal.jeeadv.ac.in) ওয়েবসাইটে।
এ বছরের পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি কানপুর। পরীক্ষাটি পরিচালিত হয়েছে জাতীয় পর্যায়ের ‘জয়েন্ট অ্যাডমিশন বোর্ড’-এর (জ্যাব) অধীনে। প্রতি বছর দেশের ৭টি আঞ্চলিক আইআইটি-র মধ্যে একটির উপর এই দায়িত্ব বর্তায়। আইআইটি খড়্গপুর ‘অঞ্চল’ থেকে সফল হয়েছে মোট ৫ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী। তবে মেধাতালিকার প্রথম দশে এখান থেকে থেকে কেউ জায়গা করে নিতে পারেননি। ব্যতিক্রম কেবল দেবদত্তা মাঝি।
❤ Support Us






