- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৬
জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ, গ্রেফতার দুই তৃণমূল নেতা
২০২০ সালে ডায়মন্ড হারবারের উস্তি থানার অন্তর্গত শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তৎপরতা শুরু করল পুলিশ। ওই ঘটনার প্রায় ৬ বছর পর মগরাহাট পশ্চিম এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রবিবার তাঁদের প্রথমে গ্রেফতার করা হয়। পরে তদন্তে উঠে আসে, ২০২০ সালে নাড্ডার কনভয়ে হামলার ঘটনার সঙ্গেও তাঁদের যোগ থাকার অভিযোগ রয়েছে। এরপর ওই পুরনো মামলার সূত্র ধরে অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে বিজেপির একটি কর্মিসভায় যোগ দিতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। সে সময় উস্তির শিরাকোলে এলাকায় তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে। পরে ফলতার দোস্তিপুর এলাকাতেও কনভয় লক্ষ্য করে হামলা হয়। ঘটনায় নাড্ডার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন। সেই সময় উস্তি থানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছিল। এবার সেই ঘটনার তদন্তের সূত্রেই রিপন শেখ ও সঞ্জীব মণ্ডলের নাম সামনে এসেছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত দু-জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে।
নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ঠিক কী ভূমিকা ছিল রিপন ও সঞ্জীবের, তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল এবং ঘটনায় আরও কারা জড়িত — এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের মাধ্যমে ৬ বছর আগের ওই হামলার ঘটনায় আরও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
❤ Support Us







