Advertisement
  • দে । শ
  • জুন ২০, ২০২৬

হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এবার তপোব্রত চক্রবর্তী

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এবার তপোব্রত চক্রবর্তী

কলকাতা হাই কোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তপোব্রত চক্রবর্তী। বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল-এর অবসর গ্রহণের পর ২০ জুন থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ২২৩ নম্বর ধারার অধীনে তাঁকে এই পদে নিয়োগ করেছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রক ইতিমধ্যেই তাঁর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

সাধারণত হাই কোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হলে বয়ঃজ্যেষ্ঠ বিচারপতিকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। সেই প্রথা মেনেই বিচারপতি তপোব্রত চক্রবর্তীর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

বিচারপতি চক্রবর্তী তাঁর একাধিক গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত রায়ের জন্য পরিচিত। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে ৩২ হাজার চাকরি বাতিলের মামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়। আদালত জানায়, সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি আপাতত বাতিল করা যাবে না। মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং চলতি বছরের আগস্ট মাসে তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও পশ্চিমবঙ্গের ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) শংসাপত্র সংক্রান্ত মামলায় বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ ঐতিহাসিক রায় দেয়। ২০১০ সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করা হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, তৎকালীন রাজ্য সরকারের আমলে অনগ্রসর শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত ১১৩টি সম্প্রদায়কে ওবিসি মর্যাদা দেওয়ার প্রক্রিয়া আইনসঙ্গত ছিল না। ফলে ওই শংসাপত্রগুলি আর ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সমীক্ষার ভিত্তিতে নতুন তালিকা প্রণয়নের নির্দেশও দেয় আদালত। এই মামলাও বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
আরও একটি আলোচিত মামলায় বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ মানবিকতার পরিচয় দেয়। গত বছর সোনালি বিবি-সহ ছয়জনকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ গ্রেফতার করে এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা হলে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ চার সপ্তাহের মধ্যে তাঁদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনা হয়।

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর জন্ম ১৯৬৬ সালে। ১৯৯১ সালে তিনি আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন এবং দীর্ঘ ২২ বছর কলকাতা হাই কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন। ২০১৩ সালে তিনি বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৬ সালে কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতির পদ লাভ করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও একাধিক গুরুত্বপূর্ণ রায়ের সাক্ষী এই বিচারপতি এবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!