Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৩, ২০২৬

ধর্মতলায় জমায়েত নিষেধাজ্ঞা, পুলিশের নির্দেশিকাকে ঘিরে প্রশ্ন তুলে হাইকোর্টে কালীঘাটপন্থী তৃণমূল

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্মতলায় জমায়েত নিষেধাজ্ঞা, পুলিশের নির্দেশিকাকে ঘিরে প্রশ্ন তুলে হাইকোর্টে কালীঘাটপন্থী তৃণমূল

২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে টানা ৬০ দিন জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল । কলকাতা পুলিশের সাম্প্রতিক নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন আদালতে আবেদন করেছেন ।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডেরেকের পক্ষে সওয়াল করেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে দাবি করেন, কলকাতা পুলিশের নির্দেশিকা মৌলিক অধিকারের পরিপন্থী এবং সম্পূর্ণ স্বেচ্ছাচারী । বিচারপতি আবেদন গ্রহণের অনুমতি দিয়েছেন। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সম্প্রতি কলকাতা পুলিশ একটি নির্দেশিকা জারি করে জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে । এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও। উল্লেখযোগ্যভাবে, এই সময়সীমার মধ্যেই রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচির দিন ।

এই নিষেধাজ্ঞা নিয়েই প্রশ্ন তুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। তাদের বক্তব্য, ২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউস চত্বরে টানা ৬০ দিনের জন্য জমায়েত নিষিদ্ধ করার সিদ্ধান্তের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই এবং এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
গত বছর পর্যন্ত ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে বর্তমানে দলের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে তৃণমূল কার্যত দুই শিবিরে বিভক্ত— একদিকে কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। দলের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কর্তৃত্বকে কেন্দ্র করে দুই পক্ষের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে।

ঋতব্রতপন্থী শিবির ইতিমধ্যেই জানিয়েছে, তারা ২১ জুলাইয়ের কর্মসূচির জন্য কলকাতা পুলিশের অনুমতি পেয়েছে। ধর্মতলার জওহরলাল নেহরু রোডে গাঁধী মূর্তির পাদদেশে তাদের সভার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে, কালীঘাটপন্থী তৃণমূল নিজেদের শহিদ দিবসের কর্মসূচি পুরনো জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই করার দাবিতে অনড়। সেই উদ্দেশ্যে স্থান পরিদর্শন ও মাপজোক করতে গিয়েছিলেন দলের নেতা কুণাল ঘোষ ও সাংসদ দোলা সেন-সহ অন্যান্য নেতারা। পরে এই ঘটনাকে কেন্দ্র করে হেয়ার স্ট্রিট থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এখন হাই কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে দুই পক্ষ। আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজনের ভবিষ্যৎ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!