- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১০, ২০২৬
বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর, ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন এলিনা রাইবাকিনা
প্রথম খেলায় পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। চিনের কিনওয়েন ঝেংকে হারিয়ে ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছলেন এলিনা রাইবাকিনা। ম্যাচের ফল ৩-৬, ৬-১, ৬-৪। জীবনে প্রথমবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন কাজাখস্তানের এই মহিলা টেনিস তারকা। ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছে গেছেন রাইবাকিনা। আগামী ১৪ সেপ্টেম্বর সরকারিভাবে ‘ডব্লিউটিএ র্যাঙ্কিং’ প্রকাশিত হবে।
কিনোয়েন ঝেংয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাইবাকিনাকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম সেটে রাইবাকিনাকে ঝেংয়ের শক্তিশালী শটের মোকাবিলা করতে হয়েছিল। ঝেং সুযোগ কাজে লাগিয়ে রাইবাকিনার সার্ভিস ভেঙে এবং এরপর নিজের সার্ভ ধরে রেখে ৬–৩ গেমে এগিয়ে যান। দ্বিতীয় সেটে ম্যাচের মোড় দ্রুত ঘুরে যায়। রাইবাকিনা সার্ভ এবং বেসলাইন থেকে নিজের ছন্দ খুঁজে পান। তিনি ৩৮ মিনিটে সেটটি ৬–১ গেমে জিতে নেন। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি হয়। ঝেং একটা ডাবল ফল্ট করেন, যা রাইবাকিনাকে ৫-৪ গেমে এগিয়ে দেয়। এরপর রাইবাকিনা নিজের সার্ভ ধরে রেখে ৬-৪ গেমে সেট জিতে নেন।
ম্যাচ শেষে রাইবাকিনা বলেন, ‘এ মুহূর্তে এটা শুধু একটা সংখ্যা। অবশ্যই, আমি সেমিফাইনালে উঠেছি। আমার লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া। এই প্রথম ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলাম। এটা আমার কাছে দারুণ অর্জন। আমরা জানি টেনিসে একটা ম্যাচের মধ্যে র্যাঙ্কিংয়ের দিক থেকে সবকিছু কত দ্রুত বদলে যেতে পারে। তাই আমার মনে হয়, আমাকে শুধু নিজের খেলায় মনোযোগ দিতে হবে এবং পরের ম্যাচটি উপভোগ করার চেষ্টা করতে হবে।’
রাইবাকিনা তাঁর কেরিয়ারে এই প্রথমবার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। এর আগে এই টুর্নামেন্টে তাঁর সেরা পারফরম্যান্স ছিল চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছনো। আগে উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেন জেতা এলিনা রাইবাকিনা এবার ইউএস ওপেন জিতলে তাঁর কেরিয়ারের তিন–চতুর্থাংশ গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করবেন। কারণ, তাঁর মুকুটে এখনো ফ্রেঞ্চ ওপেন শিরোপাও নেই। তবে এলিনা রাইবাকিনার সামনের পথ সহজ হবে না। সেমিফাইনালে রাইবাকিনার সামনে কোকো গফ।
❤ Support Us








