- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৬
গ্রেফতার স্বপন সমাদ্দার, কলকাতা পুরসভায় গ্রেফতার কাউন্সিলরের সংখ্যা বেড়ে ১০
কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারাবাহিকতা অব্যাহত । এ বার পুলিশ গ্রেফতার করল ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে । খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে । এই গ্রেফতারের ফলে কলকাতা পুরসভার গ্রেফতার হওয়া কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ২ মে-র একটি ঘটনার জেরে মঙ্গলবার নারকেলডাঙা থানায় এক মহিলা অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয় । অভিযোগে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি ভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত আঘাত করা, সম্পত্তি নষ্ট করা, চুরি এবং ভয় দেখানোর মতো গুরুতর ধারাগুলি অন্তর্ভুক্ত রয়েছে ।
অভিযোগকারীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় স্বপন সমাদ্দার জড়িত ছিলেন । সে সময় এলাকায় তাঁর প্রভাব থাকায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি । বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং একের পর এক কাউন্সিলরের গ্রেফতারির আবহে তিনি থানায় অভিযোগ জানাতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন ।
স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । পাশাপাশি তিনি বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন ।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে পাটুলি এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় । তার পরদিন, রবিবার সকালে জোড়াসাঁকোর কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ । তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে এবং এক নাবালিকাকে হেনস্থার অভিযোগও উঠেছে । এছাড়া মঙ্গলবার তোলাবাজির অভিযোগে ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ও তাঁর স্বামীকেও গ্রেফতার করা হয়েছে ।
ক্রমাগত এই গ্রেফতারিগুলি কলকাতা পুরসভার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।
❤ Support Us






