Advertisement
  • দে । শ
  • জুলাই ২৩, ২০২৬

কোর্টের নির্দেশ অমান্য, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
কোর্টের নির্দেশ অমান্য, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ। অভিযোগ, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া শর্ত ভঙ্গ করে সভা আয়োজন করা হয়েছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে এবং আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। থানার এক সাব-ইনস্পেক্টর (এসআই)-এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাই কোর্ট কালীঘাট তৃণমূলকে তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দিয়েছিল। তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, রাস্তার একটি দিকের লেনেই সভা করা যাবে এবং অপর লেনটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য খোলা রাখতে হবে, যাতে কোনও যানজটের সৃষ্টি না হয়।

পুলিশের দাবি, সভা চলাকালীন শুধুমাত্র নির্ধারিত লেনেই নয়, পাশের লেনেও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জমায়েত করেন। এর ফলে রাস্তার উভয় দিকেই ভিড় তৈরি হয় এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে বহু যানবাহন ঘুরিয়ে দেয়। এর জেরে শহরের অন্য অংশেও তীব্র যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের অভিযোগ, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সভার উদ্যোক্তারা তা জেনেশুনে অমান্য করেছেন। এই ঘটনাকে আদালত অবমাননার সামিল বলেই মনে করছে পুলিশ। সেই কারণেই সমাবেশের আয়োজক এবং কালীঘাট তৃণমূলের আহ্বায়কদের বিরুদ্ধে রাস্তা অবরোধ, আইনি নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। প্রয়োজনে কালীঘাট তৃণমূলের দলীয় কার্যালয়ে নোটিস পাঠানো হতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে, ২১ জুলাইয়ের সমাবেশের আগের রাতে সভাস্থলে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় কালীঘাট তৃণমূল হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ জুলাই রাত প্রায় ১০টা নাগাদ ১০ থেকে ১৫ জন যুবক মোটরসাইকেলে করে ক্যাথিড্রাল রোডের সভাস্থলের কাছে আসে। অভিযোগ, তারা স্লোগান দিতে দিতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সভার জন্য টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলে। কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের ধাওয়া করলে অভিযুক্তরা ঘটনাস্থলেই দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পুলিশ ওই দুটি মোটরসাইকেল এবং ছেঁড়া ব্যানার বাজেয়াপ্ত করেছে। বাইকের নম্বর এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুই ঘটনাকেই গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!