Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১, ২০২৬

কুলগামে হামলায় নিহত ছত্তীশগড়ের দুই শ্রমিক, জঙ্গি খুঁজতে জোর তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
কুলগামে হামলায় নিহত ছত্তীশগড়ের দুই শ্রমিক, জঙ্গি খুঁজতে জোর তল্লাশি

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি ইটভাটায় জঙ্গি হামলায় ছত্তীশগড়ের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় অবস্থিত একটি ইটভাটায় শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। সরকারি কর্মকর্তারা জানান, হামলায় দুই শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দীপক রাত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

অন্য আহত শ্রমিক বোপিন্দরকে প্রথমে অনন্তনাগের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সৌরার এসকেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহত দুই শ্রমিকেরই বয়স কুড়ির কোঠায় এবং তাঁরা ছত্তীশগড়ের বাসিন্দা ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মাত্র দশ দিন আগেই অনন্তনাগ শহরে জঙ্গিদের গুলিতে এক পুলিশ আধিকারিক নিহত হয়েছিলেন। আরও আগে ২০২৪ সালেও জম্মু ও কাশ্মীরে অ-স্থানীয় শ্রমিকদের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি শ্রীনগরের শহীদ গঞ্জ এলাকায় পাঞ্জাবের দুই অ-স্থানীয় শ্রমিক অমৃতপাল সিং ও রোহিত মাসিহকে এক জঙ্গি গুলি করে হত্যা করেছিল।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শুক্রবার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি জানান, ‘কুলগামে নৃশংস জঙ্গি হামলায় ছত্তীশগড়ের দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আমি ডিজিপি নলিন প্রভাত এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমি নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছি।’

তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় আহত অপর শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতের দ্রুত আরোগ্য কামনা করেন মনোজ সিনহা। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং গোটা দেশ নিহতদের পরিবারের পাশে রয়েছে।’

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। ‘পিডিপি’ প্রধান মেহবুবা মুফতি এ ঘটনাকে ‘অকল্পনীয় নিষ্ঠুরতা’ বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কুলগামে ছত্তীশগড়ের দুই শ্রমিককে হত্যা করার ঘটনায় আমি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাই। তাঁরা পরিবারকে দু-মুঠো অন্ন জোগাতে বাড়ি থেকে বহু দূরে কঠোর পরিশ্রম করতে এসেছিলেন। এমন নিরীহ মানুষদের এভাবে লক্ষ্য করে হত্যা করা অকল্পনীয় নিষ্ঠুরতা।’ ‘অপনি পার্টি’-র সভাপতি আলতাফ বুখারি বলেন, ‘কুলগামের কিলাম এলাকায় এক অ-স্থানীয় শ্রমিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এটি অত্যন্ত দুঃখজনক, অমানবিক এবং নৃশংস সন্ত্রাসবাদী হামলা। এ ধরনের ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘যাঁরা নিজেদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে এখানে কাজ করতে এসেছিলেন, তাঁদের উপর হামলা চালানোর মতো নৃশংস কাজ কেবল মানবতার শত্রুরাই করতে পারে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আশা করি নিরাপত্তা বাহিনী দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করবে।’ ‘পিপলস কনফারেন্স’ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিরীহ সাধারণ মানুষের উপর এ ধরনের হামলা সম্পূর্ণ নিন্দনীয় এবং মানবতা, শান্তি ও সহমর্মিতার মূল্যবোধের পরিপন্থী। আমরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত শ্রমিকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!