Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৬

উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, বিকল্প পথে শ্রীরামপুরে মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, বিকল্প পথে শ্রীরামপুরে মমতা

শনিবার হুগলির শ্রীরামপুরে সভায় যোগ দিতে যাওয়ার পথে কালিঘাটপন্থী তৃণমূল নেতা, বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় কুণালের গাড়ি আটকে পাথর ও রড দিয়ে হামলা চালানো হয়। গাড়িতে ডিম ছোড়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর কুণাল অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাতে তিনি পৌঁছতে না পারেন, সে উদ্দেশ্যেই তাঁর গাড়ি আটকানো হয়েছিল।

ঘটনার পর কুণাল গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনের দিকে যান। তাঁর অভিযোগ, সেখানে গিয়েও তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। কুণাল জানান, তিনি ভবানী ভবনে কোনো অভিযোগ জানাতে যাননি। উত্তরপাড়া থানায় ই-মেলের মাধ্যমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেন তিনি। রাজ্য পুলিশের সদর দফতরে যাওয়ার কারণ হিসেবে তিনি নিজের গাড়ির ক্ষয়ক্ষতির অবস্থা দেখানোর কথা জানান। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

অন্যদিকে, এই ঘটনার পর উত্তরপাড়ার যে এলাকায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদিকে শ্রীরামপুরের সভায় যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে উত্তরপাড়া হয়ে না গিয়ে বিকল্প পথ নেন। শনিবার বিকেলে তিনি ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের উদ্দেশে রওনা দেন। তাঁর গাড়ির পাশে পুলিশের গাড়িও দেখা যায়। পরে নির্বিঘ্নে সভাস্থলে পৌঁছন তিনি।  যাত্রার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির লোকজনই এ ঘটনার পিছনে রয়েছে। তাঁর বক্তব্য, এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে উদ্বেগের বিষয়। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শ্রীরামপুরে মমতার সভার তদারকির দায়িত্বে থাকা হুগলি জেলা তৃণমূলের আহ্বায়ক তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারও ঘটনাটি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মমতার সভায় যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। উত্তরপাড়ার সখের বাজার এলাকায় কুণাল ঘোষের উপর হামলা এবং তাঁকে ডিম ছোড়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, এ ভাবে তৃণমূল কর্মীদের সভায় আসা আটকানো যাবে না।

অন্যদিকে, কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করেছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। তাঁর বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা আখরুজ্জামানও ঘটনাটিকে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে যুক্ত করেছেন। তাঁর দাবি, উত্তরপাড়ায় যে ঘটনা ঘটেছে, তার পিছনে কালীঘাটপন্থী তৃণমূলেরই ভূমিকা রয়েছে। ফলে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগকে ঘিরে একদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অন্যদিকে ঘটনার দায় নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য পরস্পরবিরোধী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!